কক্সবাজার

উখিয়া সীমান্তে বিজিবির অভিযানে জি-থ্রি রাইফেল ও ইয়াবাসহ বিপুল গোলাবারুদ উদ্ধার

কক্সবাজার, ৫ জুন – কক্সবাজারের উখিয়া সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে একটি জি-থ্রি রাইফেল, বিপুল পরিমাণ গোলাবারুদ এবং ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। উখিয়া ৬৪ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা এই অভিযান পরিচালনা করেন।

বৃহস্পতিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম। বিজিবি সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে পালংখালী বিওপির দায়িত্বপূর্ণ বাহারপাড়া সীমান্তবর্তী নাফ নদীর শূন্যরেখা এলাকায় মিয়ানমার থেকে জেলের বেশে নৌকায় করে কয়েকজন সশস্ত্র ব্যক্তিকে আসতে দেখা যায়।

বিজিবির টহল দল তাদের গতিবিধি লক্ষ করে দ্রুত নাফ নদী সংলগ্ন বেড়িবাঁধ এলাকায় অবস্থান নেয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে সশস্ত্র দলটি পালানোর চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়। একপর্যায়ে অস্ত্রধারীরা তাদের নৌকা ফেলে নদীতে ঝাঁপ দিয়ে মিয়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়।

পরবর্তীতে পরিত্যক্ত নৌকাটি তল্লাশি করে বিজিবি সদস্যরা একটি জি-থ্রি রাইফেল, ছয়টি ম্যাগাজিন, ৫১৫ রাউন্ড গুলি এবং প্রায় ১২ লাখ টাকা মূল্যের ইয়াবা জব্দ করেন। এছাড়া নৌকায় থাকা মোবাইল ফোন, সিম কার্ড ও অন্যান্য ব্যক্তিগত সামগ্রী উদ্ধার করা হয়।

বিজিবির ধারণা, এই সশস্ত্র দলটি গত ৩০ মে হ্নীলা এলাকায় জেলেদের কাছ থেকে ইয়াবা ছিনতাইয়ের ঘটনার সঙ্গে জড়িত ছিল। বর্তমানে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি এবং টহল বৃদ্ধি করা হয়েছে।

এস এম/ ৫ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language