গাইবান্ধা

সুন্দরগঞ্জে বজ্রপাতে নারীসহ ৫ জন আহত, হাসপাতালে চিকিৎসাধীন ২

গাইবান্ধা, ৩ জুন – গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বজ্রপাতের পৃথক ঘটনায় চার নারীসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে উপজেলার সুন্দরগঞ্জ পৌরসভা, রামজীবন ইউনিয়ন এবং দহবন্দ ইউনিয়নের বিভিন্ন এলাকায় আকস্মিক এই বজ্রপাতের ঘটনা ঘটে।

আহতদের মধ্যে নুরিনা বেগম ও আতোয়ার রহমান নামে দুইজনের শারীরিক অবস্থা তুলনামূলক খারাপ হওয়ায় তাদের সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক দিনের তীব্র দাবদাহের পর মঙ্গলবার বিকেলে হঠাৎ আকাশে মেঘ জমে এবং মাঝারি বৃষ্টি শুরু হয়।

এ সময় বিকট শব্দে বজ্রপাত হলে সুন্দরগঞ্জ পৌরসভার সোনালী বেগম, রামজীবন ইউনিয়নের নুরিনা বেগম, দহবন্দ ইউনিয়নের আতোয়ার রহমান, জয়নব বেগম এবং উষা রানী আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফারহানা বিনতে ফারুক জানান, হাসপাতালে আনা পাঁচজনের মধ্যে তিনজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। তবে নুরিনা ও আতোয়ারের শারীরিক অবস্থা বিবেচনায় তাদের হাসপাতালে রেখে প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা হচ্ছে।

বর্তমানে তারা শঙ্কামুক্ত আছেন এবং নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন বলেও তিনি নিশ্চিত করেছেন। আকস্মিক বজ্রপাতের এই ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল।

এস এম/ ৩ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language