বাংলাদেশের বড় হত্যাকাণ্ড নিয়ে মমতা ব্যানার্জীর বিস্ফোরক মন্তব্য

কলকাতা, ২ জুন – পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জী বাংলাদেশের একটি চাঞ্চল্যকর বড় হত্যাকাণ্ড নিয়ে বিস্ফোরক দাবি করেছেন।
মঙ্গলবার কলকাতার ধর্মতলায় আয়োজিত এক ধরনা কর্মসূচি থেকে তিনি এই অভিযোগ করেন।
তার দাবি, এই হত্যাকাণ্ডের বিষয়ে তিনি বিস্তারিত অবগত এবং এর সঙ্গে ভারত সরকারের উচ্চপদস্থ নেতৃত্বের যোগসূত্র রয়েছে।
মমতা ব্যানার্জী অভিযোগ করেন যে, বাংলাদেশের একটি বহুল আলোচিত হত্যাকাণ্ডের আসামিরা মেঘালয় সীমান্ত ব্যবহার করে পশ্চিমবঙ্গে প্রবেশ করেছিল। পরবর্তীতে রাজ্য পুলিশের বিশেষ টাস্কফোর্স তাদের গ্রেপ্তার করে।
মমতা আরও দাবি করেন, গ্রেপ্তারের বিষয়টি গোপন রাখার জন্য ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাকে ব্যক্তিগতভাবে অনুরোধ জানিয়েছিলেন। মমতার ভাষ্যমতে, স্বরাষ্ট্রমন্ত্রী তাকে বলেছিলেন যে বিষয়টি যেন জনসমক্ষে প্রকাশ না করা হয়।
তিনি সরাসরি কারও নাম উল্লেখ না করলেও ইঙ্গিতপূর্ণভাবে বলেন যে, সরকার পরিবর্তন হলেও সত্য তার কাছে সংরক্ষিত আছে। দেশের স্বার্থ এবং বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতির কথা বিবেচনা করে অনেক তথ্য তিনি গোপন রেখেছেন বলে জানান মমতা।
তিনি উল্লেখ করেন, সত্য প্রকাশ পেলে বাংলাদেশের জনগণ উত্তাল হয়ে উঠতে পারে, যা তিনি চান না।
তৃণমূল কংগ্রেস নেত্রীর এমন মন্তব্য রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিলেও ভারত সরকারের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।
এনএন/ ২ জুন ২০২৬









