ফুটবল বিশ্বকাপ উন্মাদনা: তুঙ্গে আর্জেন্টিনা ও ব্রাজিলের জার্সি বিক্রি

ঢাকা, ২ জুন – আসন্ন ২৩তম ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে দেশের ফুটবল প্রেমীদের মাঝে ব্যাপক উন্মাদনা শুরু হয়েছে। আগামী ১১ জুন মাঠে খেলা গড়ানোর আগেই রাজধানীর ফুটপাত থেকে শুরু করে বড় বড় স্পোর্টস শোরুমগুলোতে এখন বিভিন্ন দেশের জার্সি ও পতাকার ছড়াছড়ি।
বিশেষ করে আর্জেন্টিনা ও ব্রাজিলের জার্সি সংগ্রহের হিড়িক পড়েছে সাধারণ ক্রেতাদের মধ্যে। মঙ্গলবার গুলিস্তানের স্পোর্টস মার্কেট ও ফুটপাত ঘুরে দেখা যায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা খুচরা বিক্রেতা ও সাধারণ ক্রেতাদের উপচে পড়া ভিড়। বিক্রেতারা জানিয়েছেন ফুটবল
বিশ্বকাপকে কেন্দ্র করে সব দলের জার্সির চাহিদা থাকলেও আর্জেন্টিনা ও ব্রাজিলের জার্সি বিক্রি হচ্ছে সবচেয়ে বেশি। গুণগত মানভেদে ফুটপাতে ১০০ থেকে ৩০০ টাকায় জার্সি পাওয়া গেলেও শোরুমগুলোতে এর দাম ৫০০ থেকে ১ হাজার ৮০০ টাকা পর্যন্ত।
নরসিংদী থেকে আসা এক পাইকারি ব্যবসায়ী জানান গ্রামগঞ্জেও এই দুই দলের জার্সির ব্যাপক চাহিদা রয়েছে। তবে বাড়তি চাহিদার কারণে প্রতিটি জার্সির দাম পাইকারি ও খুচরা বাজারে আগের চেয়ে উল্লেখযোগ্য হারে বেড়েছে।
পরিবারের সদস্যদের জন্য জার্সি কিনতে আসা ক্রেতারা বলছেন খেলা শুরু হওয়ার আগেই পছন্দের দলের জার্সি সংগ্রহ করে তারা বিশ্বকাপের আমেজ উপভোগ করতে চান। বিক্রেতারা আশা প্রকাশ করছেন খেলা যত ঘনিয়ে আসবে বিক্রির পরিমাণ আরও বৃদ্ধি পাবে।
এস এম/ ২ জুন ২০২৬









