বিদ্যুৎ সাশ্রয়ে সন্ধ্যা ৭টার মধ্যে সব দোকান ও শপিংমল বন্ধের নির্দেশ

ঢাকা, ১ জুন – বিদ্যুৎ সাশ্রয় কার্যক্রমকে আরও জোরদার করতে দেশের সব শপিংমল, বিপণিবিতান ও দোকানপাট সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করার নির্দেশ দিয়েছে সরকার। একই নির্দেশনায় সব ধরনের বিলবোর্ডের আলোকসজ্জাও সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করতে বলা হয়েছে।
এছাড়া বর্তমানে চলমান ও ভবিষ্যতে অনুষ্ঠিতব্য মেলা, বাণিজ্য মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোও একই সময়ের মধ্যে শেষ করার বাধ্যবাধকতা দেওয়া হয়েছে।
সোমবার বিদ্যুৎ বিভাগের সমন্বয়-২ শাখা থেকে এই সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়। দেশের সকল সিটি করপোরেশনের মেয়র ও প্রশাসক, বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকদের কাছে এই চিঠি পাঠানো হয়েছে।
আদেশে উল্লেখ করা হয়, বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে প্রধানমন্ত্রীর পূর্ব নির্দেশনা অনুযায়ী দোকানপাট সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত কার্যকর ছিল। তবে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ব্যবসা-বাণিজ্যের সুবিধার্থে সাময়িকভাবে এই সময়সীমা রাত ১০টা পর্যন্ত বাড়ানো হয়েছিল।
নতুন নির্দেশনায় বলা হয়েছে, ঈদ উপলক্ষে দেওয়া বিশেষ সুবিধার মেয়াদ শেষ হওয়ায় ১ জুন থেকে আগের সিদ্ধান্তটি পুনরায় কার্যকর করা হয়েছে। ফলে রাত ১০টার পরিবর্তে এখন থেকে সব শপিংমল ও বাজার রাত ৭টার মধ্যে বন্ধ করতে হবে।
আদেশে আরও জানানো হয়, বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয় নিশ্চিত করতে দেশের বিভিন্ন স্থানে আয়োজিত মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের ক্ষেত্রেও এই একই সময়সীমা কঠোরভাবে প্রযোজ্য হবে।
এনএন/ ১ জুন ২০২৬









