উত্তর আমেরিকা

ইরানের সাথে যুদ্ধে জড়াতে অনীহা ট্রাম্পের, নেপথ্যে বিশ্বকাপ ও মধ্যপ্রাচ্য রাজনীতি

ওয়াশিংটন, ৩১ মে – ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান উত্তেজনা এবং কূটনৈতিক সমাধানের সম্ভাবনা নিয়ে নতুন আলোচনার সূত্রপাত হয়েছে। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বর্তমানে তেহরানের সাথে সরাসরি কোনো সশস্ত্র যুদ্ধে জড়াতে ইচ্ছুক নন।

বিশেষ করে আসন্ন বিশ্বকাপ ফুটবলকে সামনে রেখে তিনি যেকোনো ধরনের সংঘাত এড়িয়ে চলার নীতি গ্রহণ করেছেন। কাতারের হামাদ বিন খলিফা বিশ্ববিদ্যালয়ের জননীতি বিষয়ের অধ্যাপক সুলতান বারাকাত সম্প্রতি আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেন।

তিনি বলেন ইরানের সাথে কূটনৈতিক আলোচনা চলাকালে ট্রাম্পকে একটি জটিল ভারসাম্য রক্ষা করতে হচ্ছে। বারাকাতের পর্যবেক্ষণ অনুযায়ী ওয়াশিংটনের বর্তমান অবস্থান আগের তুলনায় কিছুটা দুর্বল হয়েছে এবং ট্রাম্প সংঘাতের দিকে আর এগোতে চাচ্ছেন না।

তিনি আরও উল্লেখ করেন যে ট্রাম্প প্রশাসন অন্তত একটি সাময়িক সমঝোতা নিশ্চিত করার জন্য চাপের মধ্যে রয়েছে। তবে এই পুরো প্রক্রিয়ায় ইসরায়েলের একটি শক্তিশালী ভূমিকা রয়েছে। লেবাননের বর্তমান পরিস্থিতি বিচার করলে দেখা যায় ইসরায়েল তার নিজস্ব লক্ষ্য হাসিল না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রকে ব্যবহার করে ইরানকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে।

অন্যদিকে ইরান দীর্ঘকাল ধরে যেকোনো বড় সমঝোতার ক্ষেত্রে লেবাননের স্থিতিশীলতাকে শর্ত হিসেবে জুড়ে দিচ্ছে। তেহরানের পক্ষ থেকে বারবার বলা হয়েছে যে লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়া যেকোনো চুক্তির অবিচ্ছেদ্য অংশ হতে হবে।

সার্বিক পরিস্থিতি বিবেচনা করে অধ্যাপক বারাকাত মনে করেন যে অদূর ভবিষ্যতে এই সংকটের বড় ধরনের কোনো কূটনৈতিক সমাধান বা অগ্রগতির সম্ভাবনা নেই বললেই চলে।

এস এম/ ৩১ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language