উত্তর আমেরিকা

চুক্তি না হলে ইরানে সামরিক হামলার হুঁশিয়ারি মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর

ওয়াশিংটন, ৩০ মে – ইরানের সঙ্গে পরমাণু ও যুদ্ধবিরতি চুক্তি সফল না হলে নতুন করে সামরিক হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আলোচনা যখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে, ঠিক সেই মুহূর্তে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে এই কঠোর বার্তা এলো।

আজ শনিবার সিঙ্গাপুরে অনুষ্ঠিত এশিয়ার শীর্ষ নিরাপত্তা সম্মেলন শাংরি লা ডায়ালগে বক্তব্য দেওয়ার সময় হেগসেথ এই মন্তব্য করেন। তিনি বলেন, প্রয়োজন হলে পুনরায় সামরিক অভিযান শুরু করার পূর্ণ সক্ষমতা যুক্তরাষ্ট্রের রয়েছে। এই ধরনের পরিস্থিতি মোকাবিলায় মধ্যপ্রাচ্যসহ সারা বিশ্বে আমাদের পর্যাপ্ত অস্ত্রের মজুত আছে এবং আমরা কৌশলগতভাবে সুবিধাজনক অবস্থানে রয়েছি।

প্রতিরক্ষামন্ত্রী আরও উল্লেখ করেন যে,

ইরানের সঙ্গে উত্তেজনাকর পরিস্থিতিতেও যুক্তরাষ্ট্র এশিয়া প্যাসিফিক অঞ্চলের ওপর থেকে নজর সরিয়ে নেয়নি। তিনি জানান, মার্কিন প্রতিরক্ষা শিল্প খাতকে বর্তমানে অত্যন্ত শক্তিশালী করা হচ্ছে। এর ফলে শিগগিরই স্বাভাবিকের চেয়ে কয়েক গুণ বেশি গোলাবারুদ উৎপাদন সম্ভব হবে, যা বিশ্বজুড়ে মার্কিন সামরিক পরিকল্পনা বাস্তবায়নে সহায়ক হবে।

পেন্টাগন প্রধানের মতে, প্রেসিডেন্ট ট্রাম্প চুক্তির বিষয়ে এখন পর্যন্ত ইতিবাচক মনোভাব পোষণ করছেন। তিনি এমন একটি অর্থবহ চুক্তি করতে চান যা নিশ্চিত করবে যে ইরান কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না।

এর আগে গত শুক্রবার ট্রাম্প জানিয়েছিলেন যে, যুদ্ধ অবসানের একটি প্রস্তাব নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে তিনি হোয়াইট হাউসে গুরুত্বপূর্ণ বৈঠকে বসবেন। ওই প্রস্তাবে যুদ্ধবিরতির মেয়াদ আরও ৬০ দিন বাড়ানোর কথা বলা হয়েছে, যাতে আলোচনার মাধ্যমে একটি স্থায়ী শান্তিতে পৌঁছানো যায়।

এস এম/ ৩০ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language