মধ্যপ্রাচ্য

গাজার ৭০ শতাংশ এলাকা দখলের নির্দেশ দিলেন নেতানিয়াহু

তেল আবিব, ২৯ মে – ফিলিস্তিনের গাজা উপত্যকার অন্তত ৭০ শতাংশ এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নিতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীকে (আইডিএফ) নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। সেই সঙ্গে অদূর ভবিষ্যতে গাজার পুরো ভূখণ্ড ইসরায়েলের অধীনে নিয়ে আসারও ইঙ্গিত দিয়েছেন তিনি।

জেরুজালেমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নেতানিয়াহু জানান, গাজা উপত্যকার নিয়ন্ত্রণকারী সশস্ত্র গোষ্ঠী হামাসকে কোণঠাসা করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি বলেন, বর্তমানে গাজার ৬০ শতাংশ এলাকা আমাদের দখলে রয়েছে এবং খুব শীঘ্রই আইডিএফ ৭০ শতাংশ এলাকার নিয়ন্ত্রণ নেবে।

ইসরায়েলি প্রধানমন্ত্রীর দাবি, তারা ধাপে ধাপে অগ্রসর হচ্ছেন এবং গাজার প্রতিটি দিক থেকে হামাসের ওপর চাপ বজায় রাখা হবে। ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পরদিন থেকে শুরু হওয়া এই দীর্ঘস্থায়ী অভিযানে এখন পর্যন্ত ৭০ হাজারের বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন।

পুরো গাজা উপত্যকা বর্তমানে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। যদিও ২০২৫ সালের অক্টোবর মাসে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় একটি যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, যেখানে ইসরায়েলি নিয়ন্ত্রণ আর না বাড়ানোর শর্ত ছিল।

তবে ইসরায়েল সেই চুক্তির শর্ত লঙ্ঘন করে গাজায় অভিযান অব্যাহত রেখেছে বলে অভিযোগ উঠেছে। চুক্তির পর থেকে এ পর্যন্ত আরও অন্তত ৭৩৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদিকে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, হামাস আর কখনোই গাজার শাসন ক্ষমতায় ফিরতে পারবে না।

এটি ইসরায়েল সরকারের একটি কঠোর প্রতিশ্রুতি বলেও উল্লেখ করেন তিনি। বর্তমানে হামাসের নিরস্ত্রীকরণ নিয়ে আলোচনা শুরু হলেও ইসরায়েলি অভিযানের কারণে তা থমকে আছে।

এস এম/ ২৯ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language