বাবা ও মায়ের মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

ঢাকা, ২৮ মে – প্রধানমন্ত্রী বৃহস্পতিবার সকালে শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুমা বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত করেছেন। সকাল ৯টার দিকে তিনি সেখানে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান উপস্থিত ছিলেন।
মাজার জিয়ারত শেষে প্রধানমন্ত্রী দলীয় নেতাকর্মী, মন্ত্রী এবং সংসদ সদস্যদের সাথে নিয়ে দোয়া ও মোনাজাতে অংশ নেন। এরপর তিনি বনানী কবরস্থানে গিয়ে তার ছোট ভাই আরাফাত রহমান কোকোর কবরে পুষ্পস্তবক অর্পণ ও জিয়ারত করেন।
এর আগে সকাল সাড়ে সাতটায় জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, স্পিকার এবং প্রধান বিচারপতিসহ বিশিষ্টজনদের সঙ্গে কুশল বিনিময় করেন।
নামাজ পরবর্তী সময়ে তিনি বিদেশি কূটনীতিক ও বিশিষ্ট নাগরিকদের সাথেও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
এস এম/ ২৮ মে ২০২৬









