জাতীয়

৪৫তম বিসিএসে ১ হাজার ৭০২ জনের নিয়োগের গেজেট প্রকাশ

বিসিএস

ঢাকা,১৫ অক্টোবর- ৪৫তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ করা হয়েছে। এতে ১ হাজার ৭০২ জনকে নিয়োগের সুপারিশ করা হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়।

গেজেটে বলা হয়েছে, ৪৫তম বিসিএস পরীক্ষা-২০২২-এর মাধ্যমে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের গত ১৪ ডিসেম্বর ২০২৫ তারিখের পত্রের সুপারিশ অনুযায়ী ১ হাজার ৭০২ জন প্রার্থীকে বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারের প্রবেশ পদে নিয়োগ দেওয়া হয়েছে। জাতীয় বেতন স্কেল ২০২৬ অনুযায়ী নবম গ্রেডে (৪৪,০০০-১,০৫,৯০০ টাকা) শর্তসাপেক্ষে তাদের এ নিয়োগ দেওয়া হয়েছে।

সুপারিশপ্রাপ্তদের বিভিন্ন ক্যাডার পদে নিয়োগের ক্ষেত্রে বেশ কিছু শর্তও দেওয়া হয়েছে। ৪৫তম বিসিএস পরীক্ষা-২০২২-এর ফলাফলের ভিত্তিতে প্রচলিত সরকারি বিধিবিধান অনুযায়ী তাদের জ্যেষ্ঠতা নির্ধারণ করা হবে। তবে মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগপ্রাপ্তদের মুক্তিযোদ্ধার সনদ পরবর্তী সময়ে যাচাই-বাছাইয়ের সময় মিথ্যা বা জাল প্রমাণিত হলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট ব্যক্তির নিয়োগ বাতিল করা হবে। পাশাপাশি তার বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হবে বলেও গেজেটে উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া গেজেটে নিয়োগপ্রাপ্তদের আগামী ১ নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় বা বিভাগ নির্ধারিত কার্যালয়ে যোগদান করতে বলা হয়েছে।

এস এম/ ১৫ অক্টোবর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language