ত্যাগের মহিমায় ভক্তদের ঈদের শুভেচ্ছা জানালেন জাতীয় দলের ক্রিকেটাররা

ঢাকা, ২৮ মে – সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে পবিত্র ঈদুল আযহা। আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটের ব্যস্ততা না থাকায় এবারের ঈদটি পরিবারের সঙ্গেই কাটাচ্ছেন জাতীয় দলের ক্রিকেটাররা। উৎসবের এই বিশেষ দিনে ভক্ত ও সমর্থকদের সামাজিক যোগাযোগ মাধ্যমে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তারা।
অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ তার ভেরিফাইড ফেসবুক পেজে লিখেছেন, সবাইকে পবিত্র ঈদুল আযহার আন্তরিক শুভেচ্ছা। ঈদ মোবারক। মহান রাব্বুল আলামিন আমাদের সকলের গুনাহ মাফ করে দিন এবং আমাদের কোরবানি কবুল করে নিন। আমিন।
সাবেক অধিনায়ক ও তারকা ওপেনার তামিম ইকবাল তার শুভেচ্ছাবার্তায় বলেন, আসসালামু আলাইকুম, ঈদুল আযহার আন্তরিক শুভেচ্ছা আপনার এবং আপনার পরিবারের সকলের জন্য। ঈদের সময় বাসায় এবং ভ্রমণের পথে সবাই নিরাপদে ও সুস্থ থাকবেন এই কামনা রইলো।
সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা তার বার্তায় লিখেন, সকল দূরত্ব মুছে যাক, ত্যাগের আনন্দে প্রতিটি হৃদয় এক হোক। তরুণ ব্যাটার তাওহীদ হৃদয় ত্যাগের মাহাত্ম্য তুলে ধরে লিখেছেন, কোরবানির ত্যাগ আর উৎসবের আনন্দ ছড়িয়ে পড়ুক প্রতিটি হৃদয়ে। আপনজনদের সাথে কাটুক এই পবিত্র দিনটি। সবাইকে ঈদুল আযহার শুভেচ্ছা।
এস এম/ ২৮ মে ২০২৬









