রাজনৈতিক হয়রানিমূলক ২৪ হাজার ১৩টি মামলা প্রত্যাহার

ঢাকা,১০ নভেম্বর- বিগত সময়ে রাজনৈতিক কারণে দায়ের করা হয়রানিমূলক মোট ২৪ হাজার ১৩টি মামলা এ পর্যন্ত প্রত্যাহার করা হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠকে প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানানো হয়। স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অধিবেশনে এ বিষয়ে করা প্রশ্নের জবাব দেওয়া হয়।
চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. কেরামত আলীর লিখিত প্রশ্নের জবাবে সংসদে আইনমন্ত্রীর দায়িত্ব পালনকারী প্রতিনিধি মো. আসাদুজ্জামান এ তথ্য জানান।
সংসদ সদস্য কেরামত আলী তার প্রশ্নে জানতে চান, বিগত ফ্যাসিস্ট আমলে দায়ের করা বিভিন্ন মিথ্যা ও রাজনৈতিক মামলা এখনো নিষ্পত্তি না হওয়ায় হাজার হাজার মানুষ হয়রানির শিকার হচ্ছেন। এসব মামলা নিষ্পত্তি না হওয়ার কারণ কী এবং কবে নাগাদ নিষ্পত্তি হবে, সে বিষয়ে কোনো রোডম্যাপ রয়েছে কি না।
জবাবে আইনমন্ত্রী জানান, রাজনৈতিক কারণে দায়ের করা হয়রানিমূলক মামলা প্রত্যাহারের কার্যক্রম অন্তর্বর্তী সরকারের সময় শুরু হয়েছিল। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর এ কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করতে উদ্যোগ গ্রহণ করে। এর অংশ হিসেবে ২০২৬ সালের ৫ মার্চ জেলা পর্যায়ে জেলা ম্যাজিস্ট্রেটের সভাপতিত্বে চার সদস্যের কমিটি গঠন করা হয়।
জেলা পর্যায়ের কমিটিগুলো কীভাবে কাজ করে, সে বিষয়ে জবাবে বলা হয়, এসব কমিটি মামলা প্রত্যাহারের আবেদনপত্র, এজাহার, প্রযোজ্য ক্ষেত্রে চার্জশিটের সত্যায়িত কপি এবং পাবলিক প্রসিকিউটরের মতামত পর্যালোচনা করে। মামলাটি রাজনৈতিক হয়রানির উদ্দেশ্যে করা হয়েছে কি না, জনস্বার্থে মামলাটি পরিচালনা করা প্রয়োজন কি না এবং মামলা চলতে থাকলে রাষ্ট্রের স্বার্থ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে কি না, এসব বিষয় বিবেচনা করে মামলা প্রত্যাহারের সুপারিশ করে থাকে।
পরবর্তী সময়ে জেলা কমিটিগুলোর সুপারিশ যাচাই-বাছাই করে মামলা প্রত্যাহারের কার্যক্রম সমন্বিতভাবে পরিচালনার জন্য আইনমন্ত্রীকে আহ্বায়ক করে ছয় সদস্যের একটি কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে।
জবাবে আরও বলা হয়, মামলা প্রত্যাহারের আবেদন পাওয়া এবং সংশ্লিষ্ট জেলা কমিটির সুপারিশের ভিত্তিতে কোনো মামলা হয়রানিমূলক বলে মনে হলে, তা প্রত্যাহারের বিষয়ে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
এস এম/ ১০ নভেম্বর ২০২৬







