উচ্চশিক্ষাকে আন্তর্জাতিক মানে উন্নীত করে কর্মমুখী করার ওপর জোর রাষ্ট্রপতির

ঢাকা,১০ নভেম্বর- উচ্চশিক্ষার গুণগত মান আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করার পাশাপাশি শিক্ষাব্যবস্থাকে সময়োপযোগী, কর্মমুখী ও দক্ষতাভিত্তিক করার ওপর গুরুত্ব দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, তরুণদের শুধু চাকরির পেছনে ছোটা জনশক্তি হিসেবে নয়, বরং দক্ষ কর্মী, উদ্যোক্তা ও কর্মসংস্থান সৃষ্টিকারী হিসেবে গড়ে তুলতে হবে।
মঙ্গলবার (১০ নভেম্বর) ঢাকার পূর্বাচলে বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) ২৭তম সমাবর্তন অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
রাষ্ট্রপতি বলেন, বিজ্ঞান ও প্রযুক্তির দ্রুত অগ্রগতির ফলে মানুষের জীবনযাপন, অর্থনীতি ও কর্মসংস্থানের ধরন বদলে যাচ্ছে। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), জীবপ্রযুক্তি ও রোবোটিকসের মতো নতুন প্রযুক্তি কর্মজগতে বড় ধরনের পরিবর্তন আনছে। ফলে বর্তমানে যেসব জ্ঞান ও দক্ষতা দিয়ে কাজ করা হচ্ছে, কয়েক বছর পর একই কাজের জন্যও নতুন দক্ষতার প্রয়োজন হতে পারে।
এ পরিস্থিতিতে শুধু প্রাতিষ্ঠানিক ডিগ্রি অর্জনই যথেষ্ট নয় উল্লেখ করে তিনি বলেন, শিক্ষার্থীদের মধ্যে সারাজীবন শেখার আগ্রহ, স্বাধীনভাবে চিন্তা করার সক্ষমতা, সমস্যা সমাধানের দক্ষতা এবং পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার যোগ্যতা তৈরি করতে হবে।
সমাবর্তনে ডিগ্রি অর্জনকারী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে রাষ্ট্রপতি বলেন, তাদের এ সাফল্যের পেছনে রয়েছে দীর্ঘদিনের পরিশ্রম, ত্যাগ ও অধ্যবসায়। একই সঙ্গে শিক্ষার্থীদের সাফল্যে অবদান রাখার জন্য শিক্ষক, অভিভাবক ও পরিবারের সদস্যদের প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি।
বক্তব্যে ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের প্রসঙ্গ তুলে রাষ্ট্রপতি বলেন, ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে আন্দোলনে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটিসহ বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সাহসী ভূমিকা রেখেছেন। তাদের এ অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন তিনি।
উচ্চশিক্ষার মানদণ্ড তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, শুধু বিশ্ববিদ্যালয়ের সংখ্যা কিংবা ডিগ্রিধারীর সংখ্যা বাড়ালেই শিক্ষার সাফল্য নিশ্চিত হয় না। বরং শিক্ষার গুণগত মান, সময়োপযোগী পাঠ্যক্রম, দক্ষ শিক্ষক, শিক্ষার্থীদের ব্যবহারিক জ্ঞান ও কর্মদক্ষতা এবং সম্মানজনক কর্মসংস্থানের সুযোগই একটি বিশ্ববিদ্যালয়ের প্রকৃত সাফল্য নির্ধারণ করে।
গত দেড় দশকে দেশের শিক্ষাব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মন্তব্য করেন তিনি। রাষ্ট্রপতি বলেন, যাচাই-বাছাই ছাড়াই বিভিন্ন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অনুমতি দেওয়া হয়েছিল। এর ফলে অনেক মানহীন প্রতিষ্ঠান উচ্চশিক্ষিত বেকার তৈরি করেছে এবং বিপুলসংখ্যক তরুণের সম্ভাবনা বাধাগ্রস্ত করেছে। তরুণদের একটি অংশ হতাশায় ডুবে গেছে, আবার কেউ কেউ মাদকাসক্তির দিকেও ঝুঁকেছে। এতে ব্যক্তি ও রাষ্ট্র উভয় পর্যায়েই মেধা ও সম্ভাবনার অপচয় হয়েছে।
তিনি আরও বলেন, অনেক বিশ্ববিদ্যালয় শিক্ষার প্রকৃত উদ্দেশ্য থেকে সরে গিয়ে ব্যবসা ও অতিরিক্ত মুনাফার কেন্দ্রে পরিণত হয়েছে। এ পরিস্থিতির পরিবর্তন জরুরি।
দেশের শিক্ষাব্যবস্থায় বিদ্যমান বিভাজন ও বৈষম্য দূর করার আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি বলেন, দীর্ঘদিন ধরে শিক্ষার বিভিন্ন ধারার মধ্যে সুযোগ, মান ও অর্জিত দক্ষতায় ব্যাপক পার্থক্য রয়েছে। এসব বৈষম্যের গ্রহণযোগ্য সমাধান খুঁজে বের করতে হবে। বিভিন্ন শিক্ষাধারার মধ্যে সমন্বয় প্রতিষ্ঠার মাধ্যমে একটি সমন্বিত জাতীয় শিক্ষাব্যবস্থা গড়ে তোলা এখন সময়ের দাবি।
বিশ্বের সঙ্গে প্রতিযোগিতায় সক্ষমতা অর্জনের জন্য শিক্ষার মান আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করার ওপর জোর দেন মির্জা ফখরুল। তবে এ ক্ষেত্রে দেশের নিজস্ব ইতিহাস, ভাষা, সাহিত্য, সংস্কৃতি ও ঐতিহ্যকে উপেক্ষা করা যাবে না বলেও সতর্ক করেন তিনি। নিজের শিকড়ের সঙ্গে সম্পর্ক অটুট রেখে বিশ্বের জ্ঞান ও অভিজ্ঞতা কাজে লাগানোর আহ্বান জানান রাষ্ট্রপতি।
উচ্চশিক্ষাকে শ্রমবাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়গুলোকে সময়োপযোগী ও দক্ষতাভিত্তিক পাঠ্যক্রম তৈরি ও বাস্তবায়নে আরও মনোযোগী হতে হবে। তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি ব্যবহারিক ও কারিগরি শিক্ষা, কর্মক্ষেত্রের অভিজ্ঞতা এবং প্রযুক্তিগত দক্ষতা অর্জনের সুযোগ বাড়াতে হবে। এর মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।
এস এম/ ১০ নভেম্বর ২০২৬







