দুবাইয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদুল আজহা উদযাপিত

আবুধাবি, ২৭ মে – সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাইয়ে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়েছে। স্থানীয় সময় সকাল ৫টা ৪৫ মিনিটে দুবাইয়ের বিভিন্ন মসজিদ ও ঈদগাহে ঈদের প্রধান জামাতগুলো অনুষ্ঠিত হয়। ফজরের নামাজের পর থেকেই মুসুল্লিদের তকবির ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পুরো নগরী।
সূর্যোদয়ের আগেই দুবাইয়ের প্রায় সব মসজিদ মুসুল্লিদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে যায়। দুবাইয়ের দেরা বাংলাবাজার সংলগ্ন কুয়েতি মসজিদেও একই সময়ে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এই মসজিদে স্থানীয় নাগরিকদের পাশাপাশি বিপুল সংখ্যক বাংলাদেশি, পাকিস্তানি ও ভারতীয় প্রবাসী মুসুল্লি নামাজ আদায় করেন।
নামাজ শেষে খুতবায় দেশ ও জাতির কল্যাণ এবং বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতের পর মুসুল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি ও ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।
নামাজের আনুষ্ঠানিকতা শেষে ধর্মীয় বিধান অনুযায়ী পশু কোরবানির জন্য প্রবাসীরা সরকার নির্ধারিত নির্দিষ্ট স্থানগুলোতে গমন করেন।
এস এম/ ২৭ মে ২০২৬









