শেষ পর্যায়ে আনোয়ারা পারকি পর্যটন কমপ্লেক্সের নির্মাণকাজ

চট্রগ্রাম, ২৭ মে – দীর্ঘ আট বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে সমাপ্তির পথে এগিয়ে চলছে চট্টগ্রামের আনোয়ারার পারকি পর্যটন কমপ্লেক্সের নির্মাণকাজ। দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রসৈকত পারকিকে আন্তর্জাতিক মানের পর্যটনকেন্দ্রে রূপান্তর করতে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন এই বিশেষ প্রকল্পটি হাতে নিয়েছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা করছেন,
আগামী বছরের জুনের মধ্যেই প্রকল্পের সকল কাজ শেষ হবে। প্রকল্পের তথ্যানুযায়ী, ২০১৮ সালে ১৩ দশমিক ৩৬ একর জমির ওপর এই আধুনিক পর্যটন কমপ্লেক্সের নির্মাণ শুরু হয়। শুরুতে দুই বছরের মধ্যে ৬২ কোটি টাকা ব্যয়ে কাজ শেষ করার পরিকল্পনা থাকলেও নানা কারণে তা বিলম্বিত হয়।
পরবর্তীতে প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে প্রায় ৭২ কোটি টাকায়। বর্তমানে অবকাঠামোগত কাজ শেষে চলছে অভ্যন্তরীণ সাজসজ্জা ও সৌন্দর্যবর্ধনের কাজ। প্রকল্প এলাকায় নির্মাণ করা হয়েছে ১০টি সিঙ্গেল কটেজ, চারটি ডুপ্লেক্স কটেজ, তিনতলাবিশিষ্ট মাল্টিপারপাস ভবন ও উন্নতমানের রেস্তোরাঁ।
এ ছাড়া সার্ভিস ব্লক, সাবস্টেশন ভবন, অভ্যন্তরীণ সড়ক, পিকনিক শেড, শিশুদের খেলার জায়গা এবং একটি কৃত্রিম হ্রদ পর্যটকদের জন্য বাড়তি আকর্ষণ হিসেবে থাকছে। তবে প্রকল্পের কাজের মান নিয়ে স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের মাঝে কিছুটা অসন্তোষ রয়েছে।
পারকি বিচ ব্যবসায়ী সমিতির অভিযোগ, নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের ফলে সীমানা প্রাচীরের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সাইট ইঞ্জিনিয়ার এই অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন যে, ত্রুটিগুলো এরইমধ্যে সংস্কার করা হয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠানের ধীরগতির কারণে কাজ শেষ হতে সময় বেশি লেগেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এই পর্যটন কমপ্লেক্সটি চালু হলে পারকিতে পর্যটকদের আগমন উল্লেখযোগ্য হারে বাড়বে বলে প্রত্যাশা করা হচ্ছে। এর ফলে স্থানীয় অর্থনীতিতে নতুন প্রাণের সঞ্চার হবে এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
এস এম/ ২৭ মে ২০২৬









