গাজীপুর

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৪০ কিলোমিটার যানজট: ঘরমুখী মানুষের চরম ভোগান্তি

গাজীপুর, ২৬ মে – পবিত্র ঈদ উপলক্ষে ঘরমুখী মানুষের চাপে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের ৪০ কিলোমিটার এলাকা জুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার সন্ধ্যার পর থেকে মহাসড়কের গাজীপুর ও টাঙ্গাইল অংশে যানবাহনের ব্যাপক চাপ লক্ষ্য করা গেছে।

গাজীপুরের চন্দ্রা ত্রিমোড় থেকে শুরু করে টাঙ্গাইলের মির্জাপুর বাইপাস পর্যন্ত এই যানজট বিস্তৃত হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন হাজার হাজার যাত্রী।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গাজীপুরের শিল্পকারখানাগুলো ছুটি হওয়ার পর থেকে রাজধানী ঢাকা, সাভার ও গাজীপুর এলাকা থেকে উত্তরবঙ্গগামী যানবাহনের চাপ কয়েকগুণ বেড়ে যায়। বিশেষ করে চন্দ্রা ত্রিমোড় এলাকায় যানবাহনের প্রচণ্ড ভিড় দেখা দেয়, যার প্রভাব পড়ে পার্শ্ববর্তী ভোগড়া বাইপাস পর্যন্ত। রাত বাড়ার সঙ্গে সঙ্গে এই যানজট টাঙ্গাইলের মির্জাপুর ছাড়িয়ে যায়।

ভুক্তভোগী যাত্রীরা জানিয়েছেন, সড়কে ঘণ্টার পর ঘণ্টা বসে থেকেও গন্তব্যে পৌঁছাতে পারছেন না তারা। বৃষ্টি ও যানবাহনের অতিরিক্ত চাপের কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিশেষ করে মঙ্গলবার সকালে গাজীপুরে বৃষ্টির কারণে ঘরমুখী মানুষের দুর্ভোগ আরও বেড়ে যায়। বৃষ্টির পর হাজার হাজার যাত্রী একসঙ্গে সড়কে আসায় পরিবহনের সংকট দেখা দেয়।

মহাসড়কে চলাচলকারী বাস চালকরা জানান, চন্দ্রা মোড় পার হতেই কয়েক ঘণ্টা সময় লেগে যাচ্ছে। যানজটে দীর্ঘক্ষণ বসে থাকায় বয়স্ক ও শিশুরা অসুস্থ হয়ে পড়ছেন।

পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অন্তত ২০ লাখ মানুষ গাজীপুর ছাড়ছেন এবং শত শত বাড়তি যানবাহনের চাপে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। তবে যানজট নিরসনে হাইওয়ে পুলিশ সক্রিয়ভাবে কাজ করছে।

এনএন/ ২৬ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language