ঈদযাত্রার শুরুতেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট: চরম ভোগান্তিতে যাত্রীরা

মুন্সীগঞ্জ, ২৪ মে – ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশে দীর্ঘ ১৩ কিলোমিটার এলাকা জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। রোববার ভোররাত প্রায় ৪টা থেকে শুরু হওয়া এই যানজটের কারণে চরম ভোগান্তির শিকার হচ্ছেন যাত্রী ও চালকরা।
মহাসড়কের কুমিল্লামুখী লেনে গজারিয়া অংশজুড়ে এই স্থবিরতা তৈরি হয়। ফলে সড়কের বিভিন্ন পয়েন্টে পণ্যবাহী ট্রাক, দূরপাল্লার বাস ও ব্যক্তিগত যানবাহন ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকে।
যানজটে আটকে পড়া ট্রাকচালক শামীম মিয়া জানান, চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিয়ে তিনি জামালদি বাসস্ট্যান্ড এলাকায় দীর্ঘ সময় ধরে আটকে আছেন। দাউদকান্দিতে দুর্ঘটনার কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে তিনি জানতে পেরেছেন।
বাসের চালক শহিদ জানান, বালুয়াকান্দি এলাকা থেকে তিনি যানজটের কবলে পড়েছেন এবং কখন গন্তব্যে পৌঁছাবেন তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন।
যাত্রীরা আক্ষেপ করে জানান, এই মহাসড়কে প্রায়ই যানজটের সৃষ্টি হয়, যার ফলে তাদের নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছানো সম্ভব হয় না।
গজারিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ কামাল আকন্দ জানান, কুমিল্লার দাউদকান্দি এলাকায় একটি সড়ক দুর্ঘটনার কারণে এই যানজটের সূত্রপাত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে এবং খুব দ্রুত যান চলাচল স্বাভাবিক হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এনএন/ ২৪ মে ২০২৬









