ঈদুল আজহা: সরকারি কর্মকর্তাদের শেষ কর্মদিবস আজ, শুরু হচ্ছে সাত দিনের ছুটি

ঢাকা, ২৪ মে – পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে সরকারি চাকরিজীবীদের আজ রোববার শেষ কর্মদিবস। আগামীকাল সোমবার থেকে শুরু হচ্ছে টানা সাত দিনের সরকারি ছুটি। ঈদযাত্রা নির্বিঘ্ন করার লক্ষ্যে সরকার এবার ছুটির মেয়াদ বাড়িয়ে সাত দিন নির্ধারণ করেছে।
পূর্বনির্ধারিত সময় অনুযায়ী ২৮ মে ঈদুল আজহার দিন সাধারণ ছুটি ছিল। এর সাথে নির্বাহী আদেশে ২৬ ও ২৭ মে এবং ঈদের পর ২৯ থেকে ৩১ মে পর্যন্ত পাঁচ দিনসহ মোট ছয় দিনের ছুটি নির্ধারিত ছিল। তবে মন্ত্রিসভা গত ৭ মে অনুষ্ঠিত বৈঠকে ২৫ মে নতুন করে ছুটি ঘোষণা করার সিদ্ধান্ত নেয়। এর পরিবর্তে ২৩ ও ২৪ মে অফিস খোলা রাখার প্রস্তাব অনুমোদন করা হয়। সেই প্রেক্ষিতে গত ১৪ মে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ঈদুল আজহার সাত দিনের ছুটির প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত বন্ধ থাকবে।
তবে জরুরি সেবার আওতাভুক্ত খাতগুলো এই ছুটির আওতামুক্ত থাকবে। বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস ও বন্দর কার্যক্রমের মতো জরুরি পরিষেবাগুলো যথারীতি চালু থাকবে।
এছাড়া হাসপাতাল, টেলিফোন, ইন্টারনেট এবং ডাক সেবায় নিয়োজিত কর্মীরা এই ছুটির বাইরে থাকবেন।
চিকিৎসা সেবায় নিয়োজিত চিকিৎসক এবং জরুরি ওষুধ বহনকারী যানবাহনগুলোও তাদের স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করবে।
উল্লেখ্য যে, আগামী ২৮ মে দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হতে যাচ্ছে।
এনএন/ ২৪ মে ২০২৬









