জাতীয়

পার্শ্ববর্তী দেশ থেকে গরু আমদানির প্রয়োজন নেই: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

ঢাকা, ২৩ মে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু জানিয়েছেন যে এবারের কোরবানির জন্য পার্শ্ববর্তী কোনো দেশ থেকে গরু আমদানির প্রয়োজন নেই। দেশে পর্যাপ্ত গবাদিপশু মজুদ রয়েছে উল্লেখ করে তিনি বলেন এ বছর কোরবানির চাহিদার তুলনায় যোগান অনেক বেশি।

শনিবার সকালে রাজধানীর গাবতলী গবাদিপশুর হাট পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব তথ্য জানান। প্রতিমন্ত্রী বলেন এ বছর কোরবানির জন্য দেশে প্রায় এক কোটি ২৩ লাখ গবাদিপশু প্রস্তুত রয়েছে যেখানে সম্ভাব্য চাহিদা প্রায় এক কোটি এক লাখ।

স্থানীয় খামারিদের স্বার্থ রক্ষায় সরকার কঠোর অবস্থানে রয়েছে বলে তিনি পুনর্ব্যক্ত করেন। তিনি আরও যোগ করেন যে স্থানীয় খামারিরা যেন কোনোভাবেই আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত না হন সেদিকে বিশেষ নজর রাখা হচ্ছে।

সীমান্ত দিয়ে অবৈধভাবে গবাদিপশু প্রবেশ ঠেকাতে ইতোমধ্যে বিজিবিসহ প্রশাসনের সকল পর্যায়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে। পরিদর্শনকালে প্রতিমন্ত্রী হাটে স্থাপিত ভেটেরিনারি মেডিকেল সেন্টার ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের সাথে কথা বলেন।

তিনি জানান যে হাটে কোনো পশু অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিক চিকিৎসা নিশ্চিত করতে মেডিকেল টিম সার্বক্ষণিক কাজ করছে। কোরবানিকে কেন্দ্র করে ক্ষুদ্র উদ্যোক্তা ও প্রান্তিক খামারিরা যেন নির্বিঘ্নে তাদের পশু বিক্রি করতে পারেন সেজন্য প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তারা মাঠ পর্যায়ে তদারকি করছেন বলেও জানান প্রতিমন্ত্রী।

এস এম/ ২৩ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language