উত্তর আমেরিকা

কলকাতা সফরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, যাবেন মাদার হাউসে

ওয়াশিংটন, ২৩ মে – চার দিনের রাষ্ট্রীয় সফরে সস্ত্রীক ভারত পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। শনিবার সকালে তিনি কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। পশ্চিমবঙ্গে রাজনৈতিক পটপরিবর্তনের পর এটিই কোনো শীর্ষস্থানীয় মার্কিন কর্মকর্তার প্রথম কলকাতা সফর।

বিমানবন্দর থেকে তিনি সরাসরি কলকাতার তালতলায় অবস্থিত মিশনারিজ অব চ্যারিটির সদর দপ্তর মাদার হাউসে যান। সেখানে শ্রদ্ধা নিবেদন শেষে দুপুরে দিল্লির উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে তার। দিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।

এই বৈঠকে বাণিজ্য, প্রযুক্তি, প্রতিরক্ষা এবং মিত্র জোটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক ইস্যুতে বিস্তারিত আলোচনার সম্ভাবনা রয়েছে। ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিয়ো গোর সামাজিক যোগাযোগমাধ্যমে রুবিওর এই সফরের গুরুত্ব তুলে ধরেছেন।

তিনি জানান,

এটি মার্কো রুবিওর প্রথম ভারত সফর যা দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে। উল্লেখ্য যে প্রায় দীর্ঘ ১৪ বছর পর কোনো মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পশ্চিমবঙ্গ সফর করলেন। এর আগে ২০১২ সালের মে মাসে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন কলকাতা সফর করেছিলেন।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী ২৬ মে পর্যন্ত রুবিও ভারতে অবস্থান করবেন। এই সময়ের মধ্যে দিল্লির আনুষ্ঠানিক বৈঠক ছাড়াও তিনি আগ্রা ও জয়পুরের ঐতিহাসিক স্থানগুলো পরিদর্শন করবেন।

এস এম/ ২৩ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language