ঈদের লম্বা ছুটির আগে আজ ও কাল ব্যাংক খোলা রাখার সিদ্ধান্ত

ঢাকা, ২৩ মে – আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে টানা সাত দিনের ছুটির আগে গ্রাহকদের সুবিধার্থে আজ শনিবার ও আগামীকাল রোববার দেশের সব তফসিলি ব্যাংক খোলা থাকছে। অতিরিক্ত ছুটি সমন্বয়ের অংশ হিসেবে সাপ্তাহিক ছুটির দিন হওয়া সত্ত্বেও আজ ব্যাংকগুলোতে স্বাভাবিক দাপ্তরিক কার্যক্রম পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী এই দুই দিন সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নিয়মিত লেনদেন চলবে। তবে ব্যাংক কর্মকর্তাদের দাপ্তরিক কাজ শেষ করার জন্য অফিস বিকেল ৫টা পর্যন্ত খোলা রাখার বিধান রাখা হয়েছে।
এর আগে বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড এনালিটিক্স ডিপার্টমেন্ট এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের ধারাবাহিকতায় ব্যাংক কোম্পানি আইনের ৪৫ ধারার ক্ষমতাবলে এই নির্দেশনা দেওয়া হয়েছে।
সার্কুলারে বলা হয়েছে আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত টানা সাত দিন ব্যাংক বন্ধ থাকবে। তবে পোশাক শিল্প এলাকায় শ্রমিকদের বেতন ও বোনাস পরিশোধের সুবিধার্থে ঢাকা, চট্টগ্রাম, গাজীপুর, আশুলিয়া, টঙ্গী, সাভার, ভালুকা ও নারায়ণগঞ্জের ব্যাংক শাখাগুলো আগামী ২৫ ও ২৬ মে সীমিত পরিসরে খোলা থাকবে।
এছাড়া সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকার ব্যাংকিং বুথগুলো সপ্তাহে সাত দিন ২৪ ঘণ্টা সচল রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ছুটির সময়ে দায়িত্ব পালনকারী কর্মকর্তারা বিধি অনুযায়ী অতিরিক্ত ভাতা পাবেন বলে কেন্দ্রীয় ব্যাংক নিশ্চিত করেছে।
এনএন/ ২৩ মে ২০২৬









