জাতীয়

রাজধানীতে মেঘলা আকাশ ও বৃষ্টির সম্ভাবনা থাকলেও কমেনি ভ্যাপসা গরম

ঢাকা, ২৩ মে – রাজধানীতে বৃষ্টি হওয়ার পরও গরমের তীব্রতা কমেনি। বেশিরভাগ সময় আকাশ মেঘলা থাকলেও ভ্যাপসা গরমে নগরবাসী চরম ভোগান্তির শিকার হচ্ছেন। তবে আজ দুপুরের মধ্যে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার বার্তায় এই তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে যে এই সময়ে আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। হালকা বৃষ্টির পাশাপাশি বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে। এ সময় পূর্ব বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

তবে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আজ ভোর ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৯ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৯০ শতাংশ।

এর আগে শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩৪ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। মেঘলা আকাশ আর বাতাসের উচ্চ আর্দ্রতার কারণে অস্বস্তিকর গরম অনুভূত হচ্ছে বলে আবহাওয়াবিদরা মনে করছেন।

এস এম/ ২৩ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language