ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটোয়ারীর ওপর হামলা: ছাত্রদল নেতাদের বিরুদ্ধে মামলা

ঝিনাইদহ, ২২ মে – ঝিনাইদহ শহরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটোয়ারীসহ কেন্দ্রীয় নেতাদের ওপর হামলা, মারধর ও মালামাল ছিনতাইয়ের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।
শুক্রবার রাতে ঝিনাইদহ সদর থানায় এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেকুল ইসলাম তারেক রেজা বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন।
মামলায় ছাত্রদলের আটজন নেতার নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১১০ থেকে ১১৫ জনকে আসামি করা হয়েছে।
মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক শাহেদ আহম্মেদ, জেলা ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন, সাবেক সভাপতি এসএম সমিনুজ্জামান সমিন, সাধারণ সম্পাদক শাহরিয়ার রাসেল, সাবেক সহ-সভাপতি নয়ন হাওলাদার এবং পৌর ছাত্রদলের সভাপতি মোবারেক হোসেন ইমন।
এজাহার সূত্রে জানা গেছে, শুক্রবার জুমার নামাজ শেষে ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্ট জামে মসজিদ থেকে বের হওয়ার সময় এনসিপি নেতাকর্মীদের ওপর এই অতর্কিত হামলা চালানো হয়। হামলাকারীরা কিল-ঘুষি, ইটপাটকেল, জিআই পাইপ, বেসবল ব্যাট এবং ধারালো অস্ত্র ব্যবহার করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এই হামলায় নাসীরুদ্দীন পাটোয়ারী ছাড়াও তানাইম, আসিফ, আলামিন, হাসিবুর রহমান, নাহিয়ান খান নিয়াজ ও অয়ন রহমান খানসহ বেশ কয়েকজন আহত হন। হামলার সময় একটি দামী ডিএসএলআর ক্যামেরা, বেশ কয়েকটি মোবাইল ফোন ও নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগ আনা হয়েছে। ছিনতাইকৃত মালামালের মধ্যে প্রায় ১ লাখ ৯০ হাজার টাকা মূল্যের একটি সনি আলফা এ৬৪০০ ক্যামেরা ও লেন্স রয়েছে।
মামলার অভিযোগে আরও বলা হয়েছে, স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ এগিয়ে এলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং চলে যাওয়ার সময় হামলাকারীরা হত্যার হুমকি প্রদান করে।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, অভিযোগপত্র গ্রহণ করা হয়েছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এনএন/ ২২ মে ২০২৬









