মধ্যপ্রাচ্য

ইরানের ওপর হামলায় যুক্তরাষ্ট্রকে সৌদি আরবের সতর্কবার্তা: হজ পর্যন্ত বিরত থাকার অনুরোধ

রিয়াদ, ২২ মে – পবিত্র হজ সম্পন্ন না হওয়া পর্যন্ত ইরানের বিরুদ্ধে বড় ধরনের কোনো সামরিক অভিযান না চালাতে যুক্তরাষ্ট্রকে অনুরোধ জানিয়েছে সৌদি আরব।

হজের সময় পবিত্র মক্কা নগরীতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা মুসলিমদের এক বিশাল জনসমাগম ঘটে। এমন পরিস্থিতিতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে হামলা ও পাল্টা হামলার শঙ্কা তৈরি হওয়ায় রিয়াদ এই আহ্বান জানায়।

সংবাদমাধ্যম নিউ আরব বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানিয়েছে যে সৌদি আরব যুক্তরাষ্ট্রকে স্পষ্ট করে বলেছে তারা যেন হজের পবিত্রতা ও নিরাপত্তার স্বার্থে যেকোনো ধরনের সংঘাত থেকে দূরে থাকে।

চলতি বছর হজের প্রধান দিন বা আরাফাতের দিন নির্ধারিত রয়েছে আগামী ২৬ মে। সৌদি আরবের পাশাপাশি কাতার এবং সংযুক্ত আরব আমিরাতের প্রতিনিধিরাও মার্কিন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। এই বৈঠকে তারা ইরানকে কেন্দ্র করে এই মুহূর্তে কোনো ধরনের সামরিক উত্তেজনা বৃদ্ধি না করতে অনুরোধ জানান।

সংশ্লিষ্ট দেশগুলো মনে করে বর্তমানে সংঘাতের চেয়ে কূটনীতিকে প্রাধান্য দেওয়া বেশি জরুরি।

আল-আরাবিয়া জানিয়েছে যে মধ্যপ্রাচ্যের আরব দেশগুলো এ বিষয়ে একমত হয়েছে। বিশেষ করে হজের সময় কোনো সামরিক পদক্ষেপ নেওয়া হলে পুরো অঞ্চলে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। এতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা লাখ লাখ হজযাত্রী গভীর সংকটে পড়তে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

এর আগে পবিত্র রমজান মাসে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল যা পুরো অঞ্চলের স্থিতিশীলতাকে প্রশ্নবিদ্ধ করে।

এনএন/ ২২ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language