জাতীয়

যমুনা সেতুতে একাধিক দুর্ঘটনা: ৭ কিলোমিটার দীর্ঘ যানজটে ভোগান্তি

ঢাকা, ২২ মে – যমুনা সেতুর ওপর একাধিক সড়ক দুর্ঘটনার কারণে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের প্রায় ৭ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। শুক্রবার ভোররাত থেকে সেতুর পূর্ব প্রান্ত থেকে কালিহাতী উপজেলার সল্লা পর্যন্ত এই যানজট বিস্তৃত হয়।

এতে সাপ্তাহিক ছুটির দিনে বাড়ি ফেরা যাত্রী ও চালকদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। যমুনা সেতু বিভাগের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন জানান যে মহাসড়কে যানবাহনের চাপ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। গত ২৪ ঘণ্টায় সেতু দিয়ে মোট ৩০ হাজার ৬৭৯টি যানবাহন পার হয়েছে।

শুক্রবার ভোররাত থেকে সেতুর ওপর দুটি পৃথক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাগ্রস্ত যানবাহনগুলো উদ্ধারের সময় ঢাকামুখী লেনে গাড়ির দীর্ঘ সারির সৃষ্টি হয়। পরবর্তী সময়ে সকাল সাড়ে ৭টার দিকে সেতুর ওপর আরও একটি দুর্ঘটনা ঘটলে পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ে।

সেটি সরাতে বেশ সময় লাগার কারণে যানজট সল্লা পর্যন্ত পৌঁছে যায়। বর্তমানে সেতু কর্তৃপক্ষ ও পুলিশ যানজট নিরসনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দ্রুত সময়ের মধ্যে যান চলাচল স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এস এম/ ২২ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language