রংপুর

পাটগ্রাম সীমান্তে চোরাকারবারিদের লক্ষ্য করে বিজিবির ফাঁকা গুলি

লালমনিরহাট, ২২ মে – লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তের পশ্চিম গিয়ারপাড়া এলাকায় চোরাকারবারীদের লক্ষ্য করে দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ৩টা ২০ মিনিটের দিকে এই ঘটনা ঘটে। তবে বিজিবির এই অভিযানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেছে বিজিবি কর্তৃপক্ষ।

রংপুর ৫১ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন কলসিমুখ বিওপির সদস্যরা মেইন পিলার ৮০৬ এর কাছে নিয়মিত টহল দেওয়ার সময় দেখতে পান যে, প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে একদল চোরাকারবারী ভারত থেকে অনুপ্রবেশ করেছে।

বিজিবি সদস্যরা তৎক্ষণাৎ তাদের থামার নির্দেশ দিলেও তারা সেটি অমান্য করে আক্রমণাত্মক ভঙ্গিতে বিজিবির দিকে এগিয়ে আসতে থাকে। উদ্ভূত পরিস্থিতিতে টহল কমান্ডার নায়েব সুবেদার রফিকুল ইসলামের নেতৃত্বে এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে আত্মরক্ষার্থে ও সতর্ক করতে দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়া হয়।

গুলির আওয়াজ পাওয়া মাত্রই চোরাকারবারীরা বাংলাদেশের সীমানা ছেড়ে ভারতীয় সীমান্তের অভ্যন্তরে পালিয়ে যায়। ঘটনার বিস্তারিত জানিয়ে রংপুর ৫১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজিউর রহমান বলেন, চোরাকারবারীরা কাঁটাতারের বেড়া পেরিয়ে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করছিল।

খবর পাওয়ার পর তিনি নিজে ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং সীমান্তে নজরদারি বাড়ানোর নির্দেশ দিয়েছেন। লালমনিরহাট ১৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদি ইমামও এই বিষয়ে সতর্ক থাকার প্রত্যয় ব্যক্ত করেন। সীমান্তে যেকোনো ধরনের অনুপ্রবেশ এবং চোরাচালান প্রতিরোধে বিজিবি সদস্যরা বর্তমানে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন।

এস এম/ ২২ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language