আইন-আদালত

শিশু রামিসা হত্যা: আসামিদের আইনি সহায়তা দেবে না ঢাকা আইনজীবী সমিতি

ঢাকা, ২২ মে – রাজধানীর পল্লবীতে আট বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার ঘটনায় অভিযুক্তদের কোনো প্রকার আইনি সেবা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা আইনজীবী সমিতি। শুক্রবার সকালে ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ কালাম খান এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন।

তিনি জানান,

সমিতির কার্যনির্বাহী কমিটির এক অনলাইন সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, রামিসাকে ধর্ষণের পর হত্যা মামলায় অভিযুক্ত আসামিদের পক্ষে সমিতির কোনো সদস্য আদালতে আইনি লড়াইয়ে অংশ নেবেন না। গত মঙ্গলবার দুপুরে পল্লবীর ১১ নম্বর সেকশনের বি ব্লকের একটি ফ্ল্যাট থেকে শিশু রামিসার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত রামিসা স্থানীয় পপুলার মডেল হাই স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। এ ঘটনায় পরদিন বুধবার নিহতের বাবা আব্দুল হান্নান মোল্লা বাদী হয়ে পল্লবী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার বিবরণ অনুযায়ী, গত মঙ্গলবার সকালে রামিসা ঘর থেকে বের হলে প্রতিবেশী সোহেলের স্ত্রী স্বপ্না কৌশলে তাকে তাদের রুমে নিয়ে যান।

দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর সোহেলদের ঘরের সামনে শিশুটির জুতা দেখতে পান তার মা। ডাকাডাকিতে সাড়া না পেয়ে প্রতিবেশীদের সহায়তায় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে শয়নকক্ষের মেঝেতে রামিসার মরদেহ পাওয়া যায়।

পরবর্তী সময়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে স্বপ্নাকে আটক করে। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে মূল অভিযুক্ত সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়।

এস এম/ ২২ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language