সারা দেশে হামে গত ২৪ ঘণ্টায় ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৩১

ঢাকা, ২১ মে – সারা দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ৭ শিশুর মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৩ জন নিশ্চিতভাবে হামে এবং ৪ জন হামের উপসর্গ নিয়ে মারা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী,
একই সময়ে নতুন করে আক্রান্ত শনাক্ত হয়েছে ১ হাজার ৬৩১ জন। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। তথ্যমতে, গত দুই মাসে সারা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ৪৮৮ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৮৩ জন শিশু এবং অবশিষ্ট ৪০৫ জন মারা গেছে হামের উপসর্গ নিয়ে।
গত ১৫ মার্চ সকাল ৮টা থেকে ২১ মে সকাল ৮টা পর্যন্ত সংগৃহীত তথ্যে দেখা যায়, এই সময়ে ৮ হাজার ২৭৫ জন শিশু নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে। এছাড়া হামের উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসা নিতে এসেছে ৫৯ হাজার ২৮৯ জন।
পরিসংখ্যান অনুযায়ী,
আক্রান্ত ও মৃত্যুর সংখ্যার দিক থেকে ঢাকা বিভাগ সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এ বিভাগে হাম ও এর উপসর্গ নিয়ে এখন পর্যন্ত ২০৯ জন মারা গেছে এবং আক্রান্ত হয়েছে ৩৪ হাজার ৩৯৪ জন।
এস এম/ ২১ মে ২০২৬









