আগামীকাল গাজীপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ঢাকা, ১৯ মে – প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল বুধবার ২০ মে গাজীপুর সফরে যাচ্ছেন। এই সফরকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক প্রস্তুতি পরিলক্ষিত হচ্ছে।
সফিপুরে অবস্থিত বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি রাষ্ট্রীয় কুচকাওয়াজে অংশ নেবেন এবং বাহিনীর সদস্যদের উদ্দেশে দিকনির্দেশনামূলক ভাষণ দেবেন।
সফরের দ্বিতীয় ভাগে বিকেলে মহানগরীর গাছা এলাকায় জাতীয় দুর্যোগ ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
তার এই আগমনকে কেন্দ্র করে সমগ্র জেলায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। স্থানীয় জনগণের পাশাপাশি নেতা-কর্মীদের মধ্যেও ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে।
প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিশ্চিত করতে গাছা ও সফিপুরসহ পুরো গাজীপুর মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া শহরকে নান্দনিকভাবে সাজিয়ে তোলা হয়েছে।
এনএন/ ১৯ মে ২০২৬









