আইন-আদালত

শাহ আলী মাজারে হামলার মামলা: রিমান্ড শেষে ৩ আসামি কারাগারে

ঢাকা, ১৯ মে – রাজধানীর মিরপুরে শাহ আলী মাজারে হামলার ঘটনায় গ্রেফতার হওয়া তিন আসামিকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার দুই দিনের রিমান্ড শেষে আসামিদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ।

মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনজুরুল ইসলাম তিন আসামিকে কারাগারে পাঠানোর আদেশ প্রদান করেন।

এর আগে গত ১৭ মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান তাদের প্রত্যেকের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন। কারাগারে পাঠানো আসামিরা হলেন মো. আজম, শেখ মো. সাজ্জাদুল হক রাসেল এবং আরমান দেওয়ান।

মামলার বিবরণ থেকে জানা যায়, গত বৃহস্পতিবার রাতে শাহ আলী মাজারে ওরশ চলাকালে অতর্কিত হামলার ঘটনা ঘটে। লাঠিসোঁটা নিয়ে একদল ব্যক্তি মাজারে প্রবেশ করে ভক্তদের মারধর করে বলে অভিযোগ ওঠে।

এ ঘটনায় এক ভুক্তভোগী নারী গত ১৬ মে শাহ আলী থানায় মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে উল্লিখিত তিনজনকে গ্রেফতার করে। বর্তমানে মামলার তদন্ত অব্যাহত রয়েছে বলে জানা গেছে।

এনএন/ ১৯ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language