লিবিয়া থেকে দেশে ফিরেছেন ১৭০ বাংলাদেশি নাগরিক

ঢাকা, ১৯ মে – লিবিয়ার বেনগাজী শহরের গানফুদা ডিটেনশন সেন্টারে দীর্ঘ প্রতীক্ষার পর ১৭০ জন বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। মঙ্গলবার ভোর ৫টার দিকে বুরাক এয়ারের একটি বিশেষ ফ্লাইটে তারা রাজধানী ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
এই প্রত্যাবাসন প্রক্রিয়ায় সমন্বিতভাবে কাজ করেছে সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস। এ কাজে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা বা আইওএম এবং লিবিয়া সরকার সার্বিক সহযোগিতা প্রদান করেছে।
ফিরে আসা এই ১৭০ জনের মধ্যে ১৯ জন অভিবাসী বিভিন্ন শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা গেছে, সেখানকার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশিদের ফিরিয়ে আনতে তারা স্থানীয় কর্তৃপক্ষ ও আইওএম এর সঙ্গে নিবিড় যোগাযোগ রক্ষা করছেন।
নিয়মিতভাবে ত্রিপলীর তাজুরা এবং বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টার পরিদর্শন করে আটক নাগরিকদের সাক্ষাৎকার ও তথ্য যাচাই করা হচ্ছে। এই ধারাবাহিকতায় আগামী ২৪ ও ৩১ মে লিবিয়া থেকে আরও ৩৫০ জন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনার প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
দূতাবাস জানিয়েছে, আইনি ও অন্যান্য প্রক্রিয়া সম্পন্ন করে ডিটেনশন সেন্টারগুলোতে আটকে পড়া সকল বাংলাদেশি নাগরিককে দ্রুত সময়ের মধ্যে দেশে পাঠানোর সর্বাত্মক চেষ্টা অব্যাহত রয়েছে।
এস এম/ ১৯ মে ২০২৬








