মধ্যপ্রাচ্য

যুদ্ধ পরিস্থিতির মধ্যেও ইরানের শেয়ারবাজার সচল রাখার উদ্যোগ

তেহরান, ১৯ মে – যুদ্ধ পরিস্থিতির আশঙ্কা থাকা সত্ত্বেও ইরানের শেয়ারবাজার খোলা রাখার সম্ভাবনা রয়েছে বলে অভিমত দিয়েছেন বিশেষজ্ঞরা। প্রায় তিন মাস বন্ধ থাকার পর দেশটির পুঁজিবাজার পুনরায় সচল করার মাধ্যমে সরকার জরুরি ব্যবস্থাপনা থেকে নিয়ন্ত্রিত স্বাভাবিকীকরণের দিকে অগ্রসর হচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

জার্মানির ফিলিপস-ইউনিভার্সিটি মারবুর্গের মধ্যপ্রাচ্য অর্থনীতি বিভাগের অধ্যাপক মোহাম্মদ রেজা ফারজানেগান আল-জাজিরাকে এক সাক্ষাৎকারে জানান যে দীর্ঘ সময় বাজার বন্ধ থাকায় বিনিয়োগকারীদের মধ্যে ব্যাপক চাহিদা ও নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।

তিনি মনে করেন সরকার বাজার চালুর মাধ্যমে বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি এবং বিনিয়োগকারীদের আস্থার বিষয়টি সরাসরি যাচাই করতে চাইছে। ইরানে প্রায় পাঁচ কোটি মানুষের বিভিন্নভাবে শেয়ারবাজারে বিনিয়োগ রয়েছে যার মধ্যে বিপুল সংখ্যক সক্রিয় ট্রেডার রয়েছেন।

দীর্ঘ বিরতির পর বাজার উন্মুক্ত হলে বিনিয়োগকারীদের নগদ অর্থের চাহিদা বহুগুণ বৃদ্ধি পেতে পারে। অধ্যাপক ফারজানেগানের মতে ইরানে মূল্যস্ফীতির হার বর্তমানে প্রায় ৭০ শতাংশে পৌঁছেছে যার ফলে সাধারণ মানুষ দৈনন্দিন ব্যয় নির্বাহের জন্য শেয়ার বিক্রি করে নগদ অর্থ সংগ্রহের চেষ্টা করতে পারেন।

এছাড়া অনেক বিনিয়োগকারী পুঁজিবাজার থেকে অর্থ সরিয়ে স্বর্ণ বা আবাসন খাতের মতো বিকল্প নিরাপদ খাতে বিনিয়োগের চিন্তা করছেন। অর্থনৈতিক বিশ্লেষকদের মতে যুদ্ধ ও নিষেধাজ্ঞার চাপে থাকা ইরানের জন্য শেয়ারবাজার পুনরায় চালু করা একটি বড় পরীক্ষা হিসেবে বিবেচিত হচ্ছে। বাজার সচল থাকলে তা সরকারের অর্থনৈতিক সক্ষমতা এবং আর্থিক ব্যবস্থার স্থিতিশীলতার একটি বড় সূচক হিসেবে কাজ করবে।

এস এম/ ১৯ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language