জাতীয়

জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভা অনুষ্ঠিত

ঢাকা, ২৭ জুলাই – জাতীয় সংসদের বিদ্যমান সাউন্ড সিস্টেম প্রতিস্থাপন বিষয়ে একটি উচ্চ পর্যায়ের সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে জাতীয় সংসদ ভবনের মন্ত্রিপরিষদ সভাকক্ষে আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান।

সভায় সভাপতিত্ব করেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। বৈঠকে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান এবং সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি উপস্থিত ছিলেন।

এছাড়া বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং সরকার দলীয় হুইপ মিয়া নুর উদ্দিন অপুসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় অংশ নেন। অনুষ্ঠানে জাতীয় সংসদের বর্তমান শব্দ ব্যবস্থা বদলে বিশ্বের আধুনিক প্রযুক্তিনির্ভর সিস্টেম স্থাপনের লক্ষ্যে একটি বিস্তারিত উপস্থাপনা প্রদান করা হয়।

গণপূর্ত অধিদপ্তর তাদের উপস্থাপনায় সম্ভাব্য প্রযুক্তিগত বিকল্প, কারিগরি সক্ষমতা এবং বাস্তবায়ন পরিকল্পনা তুলে ধরে। আধুনিক সাউন্ড সিস্টেমের প্রযুক্তিগত বৈশিষ্ট্য ও জাতীয় সংসদের কার্যক্রমের সঙ্গে এর সামঞ্জস্যপূর্ণ বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। সভায় উপস্থিত অতিথিরা প্রস্তাবিত এই প্রযুক্তিগত পরিবর্তনের বিষয়ে তাদের মতামত ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এস এম/ ২৭ জুলাই ২০২৬


Back to top button