কুয়াকাটা সৈকতে ভেসে এলো বিরল প্রজাতির জীবিত কচ্ছপ

পটুয়াখালী, ১৬ মে – কুয়াকাটা সমুদ্র সৈকতে বিরল প্রজাতির একটি সামুদ্রিক কচ্ছপ জীবিত অবস্থায় ভেসে এসেছে। প্রায় ৩৫ থেকে ৪০ কেজি ওজনের এই কচ্ছপটি শনিবার সকালে জোয়ারের সময় জিরো পয়েন্টের পূর্ব দিকে ডিসি পয়েন্ট সংলগ্ন সৈকতে দেখা যায়।
প্রত্যক্ষদর্শীদের ধারণা, ডিম পাড়ার উদ্দেশ্যে উপকূলের কাছাকাছি আসার পর এটি অসুস্থ বা দুর্বল হয়ে পড়ে। উদ্ধারকারীরা জানান, কচ্ছপটি স্বাভাবিকের চেয়ে অনেক বেশি দুর্বল ও ক্লান্ত। সাইফুল ইসলাম নামে একজন স্থানীয় ফটোগ্রাফার প্রথমে এটি দেখতে পেয়ে অন্যদের খবর দেন।
পরে উপকূল পরিবেশ রক্ষা আন্দোলনের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে কচ্ছপটিকে প্রাথমিক সেবা প্রদান করেন এবং বন বিভাগসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করেন। পরিবেশ রক্ষা আন্দোলনের নেতারা মনে করছেন, সমুদ্রে মাছ ধরার জালে আটকে আঘাত পাওয়া কিংবা প্লাস্টিক বর্জ্য ভক্ষণের কারণে কচ্ছপটি এমন শারীরিক সংকটে পড়তে পারে।
তারা মৃত বা আহত সামুদ্রিক প্রাণীদের সৈকতে ভেসে আসার প্রকৃত কারণ জানতে বৈজ্ঞানিক গবেষণা ও ময়নাতদন্তের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন। বন বিভাগের কুয়াকাটা ক্যাম্প কর্মকর্তা মো. রুবেল জানান, স্থানীয়দের সচেতনতার কারণে কচ্ছপটিকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।
বর্তমানে কচ্ছপটির অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় সেবা প্রদানের পর পুরোপুরি সুস্থ হলে একে পুনরায় গভীর সমুদ্রে অবমুক্ত করা হবে।
এস এম/ ১৬ মে ২০২৬









