ব্যবসা

মুরগি-ডিম থেকে সবজি, এক সপ্তাহে সবকিছুর দাম আকাশছোঁয়া! দিশেহারা সাধারণ মানুষ

ঢাকা, ১৫ মে – বাজারে গিয়ে পকেটে টান পড়ছে না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। গত এক মাস ধরে সবজির দাম চড়া থাকার পর এবার নতুন করে উত্তাপ ছড়াচ্ছে মুরগি ও ডিমের বাজার। রাজধানীর বাজারগুলোতে ব্রয়লার মুরগির দাম ২০০ টাকা ছাড়িয়েছে, আর এক ডজন ডিম কিনতেই পকেট থেকে খসছে ১৫০ টাকা। আজ শুক্রবার (১৫ মে) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে দ্রব্যমূল্যের এই ভয়াবহ চিত্র।

ঈদুল ফিতরের পর মুরগির দাম কিছুটা কমলেও এই সপ্তাহে তা আবারও লাগামছাড়া।

এক নজরে আজকের দরদাম:

  • ব্রয়লার মুরগি: ২০০ টাকা/কেজি (আগে ছিল ১৭৫ টাকা)।
  • সোনালি মুরগি: ৩৩০ – ৩৫০ টাকা/কেজি।
  • দেশি মুরগি: ৭৫০ – ৮০০ টাকা/কেজি (সরবরাহ কম থাকায় আকাশচুম্বী দাম)।

বিক্রেতারা বলছেন, পাইকারি বাজারে দাম বাড়ায় খুচরা বাজারেও এর প্রভাব পড়েছে। বিশেষ করে দেশি মুরগি এখন সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে চলে গেছে।

সবজির সাথে পাল্লা দিয়ে বেড়েছে রান্নার অতিপ্রয়োজনীয় উপকরণের দামও। গত এক সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে অন্তত ১০ টাকা বেড়ে দাঁড়িয়েছে ৪৫-৫০ টাকায়। আদার দামও কেজিতে ২০ টাকা পর্যন্ত বেড়ে বিক্রি হচ্ছে ১৭০ থেকে ১৯০ টাকায়। তবে বাজারে রসুনের পর্যাপ্ত সরবরাহ থাকায় এর দাম কিছুটা স্থিতিশীল রয়েছে।

বাজারে এখন ৮০ টাকা কেজির নিচে কোনো ভালো সবজি মেলা ভার। সবচেয়ে সস্তা হিসেবে পরিচিত পেঁপের দামও এখন ৬০ থেকে ৮০ টাকা! বেগুন ৯০ – ১২০ টাকা/কেজি, করলা ও বরবটি: ১০০ – ১২০ টাকা/কেজি। এছাড়া ঢ্যাঁড়স ও ঝিঙে: ৮০ – ১০০ টাকা/কেজি।

সাধারণ ক্রেতারা বলছেন, তদারকি না থাকায় মধ্যস্বত্বভোগীরা গুদামজাত করে দাম বাড়াচ্ছে। সামনে বড় উৎসবের আগে বাজার নিয়ন্ত্রণহীন হয়ে পড়ার আশঙ্কা করছেন তারা। নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলোর জন্য এখন প্রতিদিনের বাজার করা এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

এনএন/ ১৫ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language