ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট, ভোগান্তিতে যাত্রীরা

মুন্সীগঞ্জ, ১৫ মে – মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় ১৩ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। শুক্রবার ভোরে দাউদকান্দি সেতুর মাঝখানে দুইটি কভার্ডভ্যান উল্টে যাওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানজটের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় যাত্রী ও চালকদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
সরেজমিনে জানা গেছে, মহাসড়কের কুমিল্লামুখী লেনে গজারিয়া অংশ জুড়ে এই যানজট বিস্তৃত হয়েছে। এর ফলে সড়কের বিভিন্ন পয়েন্টে ঘণ্টার পর ঘণ্টা আটকে আছে পণ্যবাহী ট্রাক, যাত্রীবাহী বাস এবং ব্যক্তিগত যানবাহন।
সাধারণ যাত্রীরা বিশেষ করে নারী ও শিশুরা অসহনীয় গরমে বিপাকে পড়েছেন। গজারিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ কামাল আকন্দ জানান, দাউদকান্দি সেতুর মাঝখানে দুর্ঘটনা কবলিত কভার্ডভ্যান দুইটি সরানোর কাজ চলছে।
পুলিশ সদস্যরা সড়কে শৃঙ্খলা ফেরাতে কাজ করছেন। তিনি আশা প্রকাশ করেন যে খুব দ্রুত সময়ের মধ্যে যান চলাচল পুনরায় স্বাভাবিক হবে।
এস এম/ ১৫ মে ২০২৬









