কলকাতা হাইকোর্টে নজিরবিহীন হাঙ্গামা: মমতাকে ঘিরে ‘চোর’ স্লোগান, উঠল মারধরের অভিযোগ!

কলকাতা, ১৪ মে – পনেরো বছরের ক্ষমতার রাজপাট হারানোর পর জীবনের এক কঠিন ও অপ্রীতিকর অভিজ্ঞতার মুখোমুখি হলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার আইনজীবী হিসেবে কলকাতা হাইকোর্টে মামলা লড়তে গিয়ে নিজ পেশারই একদল আইনজীবীর তীব্র বিক্ষোভ, গালিগালাজ এবং হেনস্থার শিকার হয়েছেন পশ্চিমবঙ্গের এই সদ্য সাবেক মুখ্যমন্ত্রী।
অনেকেই হয়তো জানেন না, মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজ থেকে আইনের ডিগ্রিধারী এবং এক সময় আলিপুর আদালতে আইনজীবী হিসেবে কাজও করেছেন। রাজনীতিতে পুরোদস্তুর ব্যস্ত হয়ে পড়ায় যা আড়ালে চলে গিয়েছিল। আজ বৃহস্পতিবার ভোট পরবর্তী সহিংসতার একটি মামলায় বাদীপক্ষের আইনজীবী হিসেবে প্রধান বিচারপতি সুজয় পালের এজলাসে উপস্থিত হন তিনি।
কী ঘটেছিল হাইকোর্ট চত্বরে?
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সকাল ১১টার দিকে কালো কোট পরে হাইকোর্টে ঢোকেন মমতা। শুনানি শেষে এজলাস থেকে বের হতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তখন আইনজীবীদের একটি বড় অংশ তাকে ঘিরে ধরে ‘চোর চোর’ স্লোগান দিতে শুরু করেন। ভিড়ের মধ্য থেকে তাকে লক্ষ্য করে নানা কুরুচিপূর্ণ মন্তব্য ও গালিগালাজ করা হয়।
পরিস্থিতি বেগতিক দেখে নিরাপত্তারক্ষীরা তাকে সরিয়ে নেওয়ার চেষ্টা করেন। যাওয়ার সময় ক্ষুব্ধ মমতা সংবাদমাধ্যমের সামনে অভিযোগ করেন, “ওরা আমাকে মেরেছে।”
এই ঘটনাকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের বর্তমান ক্ষমতাসীন বিজেপি এবং বিরোধী দল তৃণমূলের মধ্যে শুরু হয়েছে তীব্র বাক্যযুদ্ধ।
তৃণমূলের মুখপাত্র অরূপ চক্রবর্তী এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, “রাজ্যের তিনবারের নির্বাচিত মুখ্যমন্ত্রী আদালতের দরজায় গিয়ে যদি মার খান, তবে বিজেপি রাজ্যে কী ধরনের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাইছে তা স্পষ্ট।”
অন্যদিকে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য এই অভিযোগ অস্বীকার করে বলেছেন, “এগুলো বিজেপির কাজ নয়। তৃণমূল গত ১৫ বছরে যা করেছে, এটি তারই ফল। মানুষ তাদের ক্ষোভ প্রকাশ করছে।”
তৃণমূল বিধায়ক কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ছেলে শীর্ষাণ্য বন্দ্যোপাধ্যায়ের করা একটি জনস্বার্থ মামলায় লড়তে এসেছিলেন মমতা। ক্ষমতায় থাকাকালীন যে হাইকোর্টে তার একচ্ছত্র আধিপত্য ছিল, ক্ষমতার বাইরে পা রাখতেই সেই চিরচেনা আঙিনায় এমন হেনস্থা রাজ্যের ভবিষ্যৎ রাজনীতির মেরুকরণ নিয়ে বড় প্রশ্ন তুলে দিল।
এনএন/ ১৪ মে ২০২৬









