জাতীয়

ঢাকাসহ ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস: নদীবন্দরে সতর্কসংকেত

ঢাকা, ১৪ মে – দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার রাত ১টার মধ্যে এসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্কবার্তায় এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয় যে ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট জেলার ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এই সময়ে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির আশঙ্কা থাকায় এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে আবহাওয়া অফিস আরও জানায় যে দক্ষিণ পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে আগামী কয়েকদিন দেশের সব বিভাগেই বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। কিছু কিছু স্থানে মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

এস এম/ ১৪ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language