বিশেষ শিশুদের জন্য তৈরি হচ্ছে ‘শিশু স্বর্গ’! প্রধানমন্ত্রীর কড়া নির্দেশ

ঢাকা, ১৩ মে – একটি মানবিক ও বৈষম্যহীন সমাজ গড়ার লক্ষ্যে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য ‘শিশু স্বর্গ’ নামে অনন্য এক প্রকল্প চালুর ঘোষণা দিয়েছে সরকার। বুধবার (১৩ মে) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সুরক্ষায় কেবল আশ্বাস নয়, বরং বাস্তবভিত্তিক ও কঠোর কিছু নির্দেশনা দিয়েছেন যা দেশের অবকাঠামো এবং সেবা খাতে আমূল পরিবর্তন আনতে যাচ্ছে।
বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের স্বাস্থ্য সুরক্ষা ও পুনর্বাসন নিশ্চিত করতে প্রাথমিকভাবে দেশের ১০টি জেলার ১০টি উপজেলায় দ্রুত ‘শিশু স্বর্গ’ কার্যক্রম শুরু করা হবে। এটি হবে এমন একটি কেন্দ্র যেখানে শিশুরা আধুনিক চিকিৎসা ও থেরাপির পাশাপাশি স্বাভাবিক জীবনে ফেরার সব ধরনের সহযোগিতা পাবে।
প্রধানমন্ত্রী তারেক রহমান স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এখন থেকে যেকোনো ভবন নির্মাণের ক্ষেত্রে প্রতিবন্ধীবান্ধব নকশা বাধ্যতামূলক। হাসপাতাল, রেস্টুরেন্ট, সরকারি-বেসরকারি প্রতিটি স্থাপনার কক্ষের দরজা এমনভাবে তৈরি করতে হবে যাতে হুইলচেয়ার ব্যবহারকারীরা অনায়াসে ঢুকতে পারেন।এছাড়া সব স্থাপনায় বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের উপযোগী টয়লেট সুবিধা থাকতে হবে। এই নিয়ম না মানলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দেওয়া হয়েছে।
নারীদের জন্য সরকারের চালুর পরিকল্পনায় থাকা ইলেকট্রিক বাসেও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য বিশেষ র্যাম্প ও সিটের ব্যবস্থা রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এছাড়া দেশের জনপ্রিয় প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এ এখন থেকে বিশেষ শিশুদের অন্তর্ভুক্ত করা হবে, যাতে তাদের সুপ্ত প্রতিভা বিশ্বমঞ্চে বিকশিত হওয়ার সুযোগ পায়।
তারেক রহমান সারাদেশের প্রতিবন্ধী স্কুলগুলোর কার্যক্রম সঠিকভাবে চলছে কি না, তা নিবিড়ভাবে খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন যেন গণমাধ্যমে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের নিয়ে নিয়মিত গঠনমূলক অনুষ্ঠান প্রচার করা হয়।
প্রধানমন্ত্রী বলেন, “একটি মানবিক ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে প্রতিবন্ধীবান্ধব অবকাঠামো নির্মাণ করতে হবে। শিক্ষা ও চিকিৎসায় তাদের সমঅধিকার নিশ্চিত করা আমাদের রাষ্ট্রীয় দায়িত্ব।”
সভায় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল, পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এক নজরে ‘শিশু স্বর্গ’ ও নতুন পরিকল্পনা:
- প্রকল্পের নাম: শিশু স্বর্গ (প্রাথমিকভাবে ১০ উপজেলায়)।
- প্রধান ফোকাস: স্বাস্থ্য, পুনর্বাসন ও শিক্ষা।
- অবকাঠামো: হুইলচেয়ার প্রবেশযোগ্য দরজা ও বিশেষ টয়লেট বাধ্যতামূলক।
- পরিবহন: ইলেকট্রিক বাসে বিশেষ সুবিধা।
- সাংস্কৃতিক: নতুন কুঁড়ি প্রতিযোগিতায় অংশগ্রহণ।
এনএন/ ১৩ মে ২০২৬









