জাতীয়

বাজার স্থিতিশীল রাখতে আরও ২ কোটি ৫০ লাখ ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

ঢাকা, ১৩ মে – দেশের বাজারে ডলারের পর্যাপ্ত সরবরাহ থাকায় এবং বাজারমূল্য স্থিতিশীল রাখতে বাণিজ্যিক ব্যাংক থেকে আরও ২ কোটি ৫০ লাখ মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। বুধবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বর্তমানে বাজারে চাহিদার তুলনায় ডলারের সরবরাহ বেশি থাকায় রফতানিকারক ও প্রবাসীদের স্বার্থ রক্ষায় বাজারমূল্য ধরে রাখতে গত জুলাই মাস থেকে ডলার কেনার সিদ্ধান্ত নেওয়া হয়। এখন পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংক মোট ৫৮৪ কোটি ৩৫ লাখ ডলার বাজার থেকে সংগ্রহ করেছে।

এর মধ্যে শুধুমাত্র চলতি মে মাসেই কেনা হয়েছে ১৭ কোটি ডলার। এই ডলার ক্রয়ের প্রক্রিয়াটি সম্পন্ন হয়েছে বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ (এফএক্স) নিলাম কমিটির মাধ্যমে মাল্টিপল প্রাইস অকশন পদ্ধতিতে। লেনদেনে প্রতি মার্কিন ডলারের বিনিময় হার ছিল ১২২ টাকা ৭৫ পয়সা।

এর আগে গত বছরের জুলাই মাস থেকে বিভিন্ন সময়ে দফায় দফায় ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। পরিসংখ্যান অনুযায়ী গত বছরের ১৩ জুলাই ১৭ কোটি ১০ লাখ ডলার এবং ১৫ জুলাই ৩১ কোটি ৩০ লাখ ডলার কেনা হয়েছিল।

এ ছাড়া আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবর মাসেও বিভিন্ন অংকের ডলার বাজার থেকে সংগ্রহ করে কেন্দ্রীয় ব্যাংক। বাজার ভারসাম্য রক্ষা এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে এই ধারা অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এস এম/ ১৩ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language