জাতীয়

উচ্চশিক্ষা রূপান্তরে জাতীয় কর্মশালার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ঢাকা, ১২ মে – বাংলাদেশের উচ্চশিক্ষা ব্যবস্থাকে সময়োপযোগী, অন্তর্ভুক্তিমূলক এবং টেকসই করার লক্ষ্যে তিন দিনব্যাপী ‘উচ্চশিক্ষা রূপান্তরে জাতীয় কর্মশালা’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত এই অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন আয়োজিত এই কর্মশালার মূল প্রতিপাদ্য হলো বাংলাদেশে উচ্চশিক্ষার রূপান্তর এবং টেকসই উৎকর্ষের রূপরেখা। সকাল ৯টা ৫৫ মিনিটে প্রধানমন্ত্রী অনুষ্ঠানস্থলে পৌঁছালে তাকে স্বাগত জানানো হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র ধর্মগ্রন্থসমূহ থেকে পাঠ করা হয়। এরপর ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ প্রধানমন্ত্রীর হাতে সম্মাননা স্মারক তুলে দেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এবং প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা ড. মাহদী আমিন। কর্মশালায় সরকারের নীতিনির্ধারক, ইউজিসির সদস্যবৃন্দ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষক, গবেষক এবং বিদেশি কূটনীতিকরা অংশগ্রহণ করেন। উদ্বোধনী পর্ব শেষে উচ্চশিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং আন্তর্জাতিক মানের দক্ষ মানবসম্পদ তৈরির লক্ষ্যে পাঁচটি কারিগরি অধিবেশন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এসব অধিবেশনে স্নাতকদের কর্মসংস্থান যোগ্যতা, সফট স্কিল উন্নয়ন, শিল্প-একাডেমিয়া সহযোগিতা, ডিজিটাল রূপান্তর এবং কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারের মতো বিষয়গুলো নিয়ে আলোচনা ও সুপারিশ প্রণয়ন করা হবে। ইউজিসি জানিয়েছে, এই কর্মশালার অংশগ্রহণকারীদের মতামতের ভিত্তিতে উচ্চশিক্ষা উন্নয়নের একটি কার্যকর নীতিগত পথনকশা প্রণয়ন করা হবে যা সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নে সহায়ক হবে।

এস এম/ ১২ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language