যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কে ফাটল ধরাচ্ছে পাকিস্তানের ‘বট ফার্ম’: নেতানিয়াহু

তেল আবিব, ১২ মে – যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যকার কূটনৈতিক সম্পর্কে ফাটল ধরাতে পাকিস্তান ও অন্যান্য কিছু দেশ ‘বট ফার্ম’ এবং সামাজিক যোগাযোগমাধ্যমের ভুয়া আইডি ব্যবহার করছে বলে অভিযোগ করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।
মার্কিন সংবাদমাধ্যম সিবিএসের একটি অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এই চাঞ্চল্যকর দাবি করেন। নেতানিয়াহু জানান, ভুয়া আইডি ব্যবহার করে ইসরায়েলিদের কাছে এমন বার্তা পাঠানো হচ্ছে যাতে মনে হয় যুক্তরাষ্ট্রের অনেক মানুষ এখন আর ইসরায়েলের ওপর সন্তুষ্ট নয়।
তিনি বলেন, বেশ কিছু দেশ সুপরিকল্পিতভাবে বিভ্রান্তি ছড়িয়ে ইসরায়েলের প্রতি আমেরিকার সহানুভূতি নষ্টের চেষ্টা করছে। উদাহরণ টেনে তিনি বলেন, অনেক সময় টেক্সাসের আদি অধিবাসী সেজে কেউ মেসেজ দিয়ে জানায় যে তারা আর ইসরায়েলের পাশে নেই, কিন্তু অনুসন্ধানে দেখা যায় সেই বার্তার উৎস পাকিস্তানের কোনো এক বেজমেন্ট।
মূলত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শক্তিশালী জোটের মধ্যে ফাটল ধরানোই এই অপপ্রচারের মূল উদ্দেশ্য বলে তিনি মনে করেন।
এস এম/ ১২ মে ২০২৬









