নারায়নগঞ্জ

সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে গোসল করতে নেমে দুই কিশোরের মৃত্যু

নারায়ণগঞ্জ, ১২ মে – নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে গোসল করতে নেমে দুই কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোরে লেকের পানিতে তাদের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

মৃত দুই কিশোর হলো মনিরুল এবং শুভ। তারা গুদনাইল বাগপাড়া আলিম মাদরাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার দুপুরে মাদরাসার পরীক্ষা শেষে কয়েকজন বন্ধু মিলে নাভানা মাঠে ফুটবল খেলতে যায়। খেলা শেষে পাঁচ বন্ধু মিলে বার্মাস্ট্যান্ড নয়াপাড়া এলাকার ১ নম্বর সেতুর পাশে ডিএনডি লেকে গোসল করতে নামে।

কিছুক্ষণ পর তিনজন বাড়ি ফিরে গেলেও মনিরুল ও শুভ আর ফিরে আসেনি। নিহত মনিরুলের বাড়ি মাগুরার মোহাম্মদপুর উপজেলায় এবং শুভর গ্রামের বাড়ি পটুয়াখালীর মরিচবুনিয়া এলাকায়।

সিদ্ধিরগঞ্জ থানার এসআই মাসুম বিল্লাহ জানান, মঙ্গলবার ভোরে স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে পুলিশকে অবহিত করে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এস এম/ ১২ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language