বিশ্ব শান্তির জন্য যুক্তরাষ্ট্রকে সবচেয়ে বড় হুমকি হিসেবে আখ্যা দিল ইরান

তেহরান, ১১ মে – বিশ্ব শান্তির ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রকে সবচেয়ে বড় হুমকি হিসেবে অভিহিত করেছে ইরান। দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে যে, যুদ্ধ বন্ধের বিষয়ে ওয়াশিংটন যেসব দাবিদাওয়া পেশ করেছে তা সম্পূর্ণ অযৌক্তিক। রোববার যুক্তরাষ্ট্রের দেওয়া যুদ্ধ বিরতির প্রস্তাবের আনুষ্ঠানিক জবাব দেয় তেহরান। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের দেওয়া পাল্টা প্রস্তাবকে অগ্রহণযোগ্য বলে প্রত্যাখ্যান করেছেন।
এর পরিপ্রেক্ষিতেই তেহরানের পক্ষ থেকে এমন কঠোর প্রতিক্রিয়া ব্যক্ত করা হলো। সোমবার এক সংবাদ সম্মেলনে ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাঈল বাঘেই বলেন, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি এবং তাদের ঘাঁটিগুলো এই অঞ্চলে সংঘাত ও দমন পীড়নের অন্যতম প্রধান কারণ। তিনি উল্লেখ করেন, ইরান যুদ্ধ বন্ধের ক্ষেত্রে যে দাবিগুলো জানিয়েছে তা আন্তর্জাতিক আইন অনুযায়ী যৌক্তিক।
ইরানের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে যুদ্ধ বন্ধ করা, মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার, জলদস্যুতা বন্ধ এবং বিভিন্ন ব্যাংকে জব্দ থাকা ইরানি অর্থ অবমুক্ত করা। বাঘেই জোর দিয়ে বলেন, এই দাবিগুলো মেনে নেওয়া ছাড়া স্থায়ী শান্তি সম্ভব নয়।
উল্লেখ্য, গত ৮ এপ্রিল দুই দেশের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হলেও এর পরদিনই ইরানি বন্দরে নৌ অবরোধ আরোপের ঘোষণা দেন ট্রাম্প। ইরান স্পষ্ট জানিয়েছে, কোনো চুক্তিতে পৌঁছাতে হলে সবার আগে এই অবরোধ প্রত্যাহার করতে হবে। অন্যদিকে, যুক্তরাষ্ট্র দাবি করছে ইরানকে হরমুজ প্রণালি সম্পূর্ণভাবে উন্মুক্ত করে দিতে হবে।
এস এম/ ১১ মে ২০২৬









