বলিউডে লিঙ্গ বৈষম্য ও পারিশ্রমিক নিয়ে মুখ খুললেন কৃতি স্যানন

মুম্বাই, ৯ মে – ২০১৪ সালে মনস্তাত্ত্বিক থ্রিলার ১: নেনোক্কাডিনে সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন বলিউড অভিনেত্রী কৃতি স্যানন। একই বছর টাইগার শ্রফের বিপরীতে হিরোপান্তি ছবির মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে তার। বর্তমানে এই প্রজন্মের অন্যতম শীর্ষ অভিনেত্রী হওয়ার পাশাপাশি একজন সফল উদ্যোক্তা ও প্রযোজক হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের বিনোদন ম্যাগাজিন জেন্টলমেনস কোয়ার্টারলিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলিউডে লিঙ্গ সমতা এবং পারিশ্রমিকের বৈষম্য নিয়ে খোলামেলা কথা বলেছেন কৃতি। তিনি জানান, সিনেমা জগতে টাকা পয়সা নিয়ে এখনও কিছুটা সংগ্রাম বিদ্যমান। যখন প্রযোজকদের খরচ কমাতে হয়, তখন তারা প্রায়শই নারী প্রধান চরিত্রের পারিশ্রমিক কমিয়ে আনার জন্য দর কষাকষি করেন। অথচ বাজেটের একটি বড় অংশ পুরুষ অভিনেতার পকেটে যায়।
কৃতির মতে, এই ইন্ডাস্ট্রিতে পিতৃতান্ত্রিক মানসিকতা এখনও গভীরভাবে গেঁথে আছে এবং সমতার দিকে এগিয়ে যেতে হলে এই প্রথা ভাঙা জরুরি। তিনি আরও বলেন, এই বৈষম্য ছোট ছোট বিষয়েও প্রকাশ পায়। উদাহরণস্বরূপ, শুটিং সেটে পুরুষ অভিনেতাকে যেন অপেক্ষা করতে না হয়, সেজন্য আগে নারী শিল্পীরা প্রস্তুত কি না তা বারবার দেখা হয়। অবচেতনভাবে ঘটে যাওয়া এই প্রবণতাগুলোর পরিবর্তন হওয়া দরকার বলে মনে করেন তিনি। নিজের ক্যারিয়ারের শুরু সম্পর্কে কৃতি বলেন, ক্যারিয়ারের শুরুতে সব বিষয়ে মুখ খোলা সহজ ছিল না।
তিনি এমন ঘটনার কথা স্মরণ করেন যেখানে একজন পুরুষ সহশিল্পী তার চেয়ে ভালো গাড়ি সুবিধা পেয়েছিলেন, যদিও তিনি সিনিয়র ছিলেন না। বিষয়টি কেবল গাড়ি নিয়ে নয়, বরং সমানভাবে সম্মান পাওয়ার বিষয় ছিল বলে উল্লেখ করেন তিনি। ক্যারিয়ারের উত্থান পতন নিয়ে কথা বলতে গিয়ে কৃতি স্যানন তার মিমি সিনেমাটির কথা বলেন। তিনি জানান, এই সিনেমাটি তার সম্পর্কে মানুষের অনেক ভুল ধারণা ভেঙে চুরমার করে দিয়েছিল।
শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় পুরস্কার পাওয়ার পাশাপাশি দর্শকদের প্রচুর ভালোবাসা পেয়েছেন তিনি। মিমি সিনেমার আগের সময়টা অত্যন্ত হতাশার ছিল জানিয়ে কৃতি বলেন, মিমির আগে আমি অনেকবার সুযোগের অভাবে হতাশ হয়েছি। আমি জানতাম আমার সামর্থ্য আছে, কিন্তু অনেক সময় ভালো চরিত্রের খুব কাছাকাছি গিয়েও শেষ পর্যন্ত সেগুলো তারকা সন্তানদের বা স্টার কিডদের হাতে চলে যেত।
এটি সম্পূর্ণ আমার নিয়ন্ত্রণের বাইরে ছিল। বর্তমানে কৃতি স্যানন হোমি আদাজানিয়ার ককটেল ২ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এতে তার সাথে আরও থাকছেন রাশমিকা মান্দানা এবং শহীদ কাপুর। চলচ্চিত্রটি ২০২৬ সালের ১৯শে জুন মুক্তি পাওয়ার কথা রয়েছে।
এস এম/ ৯ মে ২০২৬









