পশ্চিমবঙ্গ

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী

কলকাতা, ৯ মে – কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন শুভেন্দু অধিকারী। শনিবার স্থানীয় সময় দুপুর ১২টায় আয়োজিত এই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এছাড়াও বিজেপিশাসিত বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং দলের কেন্দ্রীয় শীর্ষ নেতারা এই অনুষ্ঠানে অংশ নেন।

শুভেন্দু অধিকারীর সঙ্গে এদিন মন্ত্রিসভার সদস্য হিসেবে আরও পাঁচজন শপথ নিয়েছেন। তারা হলেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া, নিশীথ প্রামাণিক এবং ক্ষুদিরাম টুডু। শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণের পরপরই পর্যায়ক্রমে অন্য মন্ত্রীদের শপথ বাক্য পাঠ করানো হয়।

উল্লেখ্য যে গত ৪ মে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশিত হয় যেখানে বিজেপি ২০৭টি আসনে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। নির্বাচনের আগে থেকেই বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী নিয়ে জল্পনা ছিল। দলের কেন্দ্রীয় নেতৃত্ব বারবারই জানিয়েছিলেন যে বাংলার মাটির কাউকেই এই পদের জন্য বেছে নেওয়া হবে।

অবশেষে শুক্রবার পরিষদীয় দলের বৈঠকে শুভেন্দু অধিকারীকে নেতা হিসেবে নির্বাচিত করা হয়। শুক্রবার বিধায়ক দলের বৈঠক শেষে অমিত শাহ জানান যে মুখ্যমন্ত্রী নির্বাচনের জন্য আটটি প্রস্তাব এসেছিল এবং প্রতিটি প্রস্তাবেই শুভেন্দু অধিকারীর নাম প্রস্তাব করা হয়।

দ্বিতীয় কোনো নাম না আসায় সর্বসম্মতিক্রমে তাকেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা করা হয়। এই শপথ গ্রহণের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গে নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা হলো।

এস এম/ ৯ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language