টলিউড

নির্বাচনে হেরে রাজনীতি ছাড়ার ঘোষণা রাজ চক্রবর্তীর, সৌরভ পালোধির কড়া সমালোচনা

কলকাতা, ৮ মে – পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে পরাজিত হওয়ার পর সক্রিয় রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন বারাকপুরের সাবেক বিধায়ক ও জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা রাজ চক্রবর্তী।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তার মাধ্যমে তিনি নিজের এই সিদ্ধান্তের কথা জানান।

রাজের এমন সিদ্ধান্ত নিয়ে টলিউডের অভ্যন্তরীণ ও বাইরের মহলে শুরু হয়েছে তীব্র আলোচনা ও সমালোচনা। বিশেষ করে নাট্যব্যক্তিত্ব ও পরিচালক সৌরভ পালোধি রাজের নাম উল্লেখ না করেই তার এই অবস্থানের কড়া সমালোচনা করেছেন।

এবারের নির্বাচনে তৃণমূল কংগ্রেসের পরাজয় এবং বিজেপির জয়ের পর বারাকপুর আসন থেকে হেরে গিয়েই সক্রিয় রাজনীতি থেকে বিদায় নেওয়ার সিদ্ধান্ত নেন রাজ। তার এই সিদ্ধান্তকে ইঙ্গিত করে সৌরভ পালোধি সামাজিক মাধ্যমে লিখেছেন যে হেরে গেলে কি রাজনৈতিক জীবন শেষ হয়ে যায়? তিনি এদেরকে মৌলিক রাজনৈতিক শিক্ষার কোনো বই উপহার দেওয়ার প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন তোলেন।

নেটিজেনদের মতে সৌরভের এই মন্তব্য রাজ চক্রবর্তীর পরাজয় মেনে নিতে না পারার প্রতিই ইঙ্গিত। বামপন্থী আদর্শের অনুসারী সৌরভ নিজের অবস্থান পরিষ্কার করে জানিয়েছেন যে জয় বা পরাজয় যাই হোক না কেন তিনি তার রাজনৈতিক আদর্শে অবিচল থাকবেন। তার মতে রাজনীতি কেবল ক্ষমতায় থাকার বিষয় নয় বরং এটি রাজপথে লড়াই চালিয়ে যাওয়ার একটি প্রক্রিয়া।

২০২১ সালের নির্বাচনে জয়ী হয়ে বিধায়ক হিসেবে দায়িত্ব পালন করার পর ২০২৬ সালের নির্বাচনের ফলাফল প্রকাশের ২৪ ঘণ্টার মধ্যেই রাজের এই হঠাৎ প্রস্থান সংশ্লিষ্ট মহলে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। তবে রাজের পক্ষ থেকে সৌরভের এই সমালোচনার বিষয়ে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এনএন/ ৮ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language