উত্তর আমেরিকা

ট্রাম্পের ১০ শতাংশ বেসলাইন শুল্ককে অবৈধ ঘোষণা করল মার্কিন আদালত

ওয়াশিংটন, ৮ মে – যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত ১০ শতাংশ বেসলাইন শুল্ককে অবৈধ ঘোষণা করেছে নিউইয়র্ক অঙ্গরাজ্যের আন্তর্জাতিক বাণিজ্য আদালত। বৃহস্পতিবার ৩ বিচারপতির সমন্বয়ে গঠিত একটি বেঞ্চ এই রায় প্রদান করেন। আদালতের রায়ে বলা হয়েছে, আইইইপিএ নামের যে আইনের আওতায় এই শুল্ক আরোপ করা হয়েছিল, সেই আইন প্রেসিডেন্টকে এমন নির্দেশ দেওয়ার ক্ষমতা প্রদান করে না।

তিন বিচারপতির মধ্যে দুইজন এই রায়ের পক্ষে এবং একজন বিপক্ষে অবস্থান নেন। মার্কিন সংবাদমাধ্যম এপির প্রতিবেদনে জানানো হয়েছে যে, ট্রাম্প প্রশাসন চাইলে এই রায়ের বিরুদ্ধে ওয়াশিংটনের ইউএস কোর্ট অব আপিল ফর দ্য ফেডারেল সার্কিটে আপিল করতে পারবে। সেখানেও সন্তোষজনক রায় না মিললে সর্বশেষ গন্তব্য হবে সুপ্রিম কোর্ট।

১৯৭৭ সালের আন্তর্জাতিক জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইনের আওতায় ২০২৫ সালের ২ এপ্রিল এই নতুন শুল্কনীতি ঘোষণা করেছিলেন ট্রাম্প। এর মাধ্যমে তিনি চীন, ভারত, কানাডা ও মেক্সিকোসহ বিভিন্ন দেশের ওপর ১০ শতাংশ বেসলাইন শুল্ক এবং পাল্টাপাল্টি শুল্ক আরোপ করেন।

এই নীতির ফলে গত এক বছরে যুক্তরাষ্ট্র অতিরিক্ত ১৩ দশমিক ৩৫ হাজার কোটি ডলার আয় করেছে। এর আগে চলতি বছরের ২০ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টও ট্রাম্পের শুল্কনীতিকে অবৈধ ঘোষণা করেছিল। এরপর ট্রাম্প ১৯৭৪ সালের বাণিজ্য আইনের অধীনে বিশ্বের প্রায় সব দেশের ওপর অস্থায়ীভাবে ১০ শতাংশ শুল্ক আরোপ করেন। আগামী ২৪ জুলাই এই অস্থায়ী শুল্কের মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে।

এস এম/ ৮ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language