মিরপুরে ডিএমপির বিশেষ অভিযানে ১৫৩ জন গ্রেপ্তার

ঢাকা, ৭ মে – ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিরপুর বিভাগের বিভিন্ন এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান চালিয়ে ১৫৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত বুধবার মিরপুর বিভাগের আওতাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় এই অভিযান পরিচালনা করে সংশ্লিষ্ট থানা পুলিশ।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন বৃহস্পতিবার এই তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, অভিযান চলাকালে গ্রেপ্তারকৃতদের হেফাজত থেকে বিভিন্ন প্রকার মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে মিরপুর মডেল থানায় ৫৬ জন, পল্লবী থানায় ৩৩ জন, কাফরুল থানায় ১৫ জন, শাহআলী থানায় ১৭ জন, দারুস সালাম থানায় ১৪ জন, ভাষানটেক থানায় ৫ জন এবং রূপনগর থানায় ১৩ জন রয়েছেন। অপরাধ নির্মূল ও জননিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের ইতিমধ্যে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
এনএন/ ৭ মে ২০২৬









