দক্ষ জনশক্তি বিদেশে পাঠানোর ওপর সরকারের বিশেষ গুরুত্ব

ঢাকা, ৬ মে – প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর জানিয়েছেন, বর্তমান সরকার দক্ষ জনশক্তি তৈরি করে বিদেশে পাঠানোর বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে।
বুধবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে আয়োজিত অভিবাসী সম্মেলন ২০২৬ এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
প্রতিমন্ত্রী বলেন, বিশ্বজুড়ে শ্রমবাজারে প্রতিযোগিতা বেড়ে যাওয়ায় এখন আর অদক্ষ কর্মী পাঠিয়ে সুফল পাওয়া সম্ভব হচ্ছে না। এ কারণে সরকার কারিগরি দক্ষতা উন্নয়ন ও বিভিন্ন প্রশিক্ষণ ব্যবস্থাকে বিশেষ গুরুত্ব দিচ্ছে। বর্তমানে দেশে ১০৪টি টেকনিক্যাল ট্রেনিং সেন্টার বা টিটিসি রয়েছে, যেখানে ৫৮টি ভিন্ন ট্রেডে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। তবে সব কেন্দ্রে সমান সুবিধা না থাকায় অবকাঠামোগত উন্নয়ন ও প্রয়োজনীয় যন্ত্রপাতির জন্য আগামী বাজেটে বরাদ্দ চাওয়া হবে।
নুরুল হক নুর আরও উল্লেখ করেন, দক্ষ জনশক্তি তৈরি করা সম্ভব হলে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের অবস্থান সুদৃঢ় হবে এবং রেমিট্যান্স প্রবাহ বাড়বে। একইসঙ্গে মধ্যপ্রাচ্যের বাইরেও নতুন শ্রমবাজার খোঁজার তৎপরতা চলছে।
কর্মীদের অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে তিনি জানান।
অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম বা ওকাপ আয়োজিত এই সম্মেলনে দেশি বিদেশি বিভিন্ন সংস্থার প্রতিনিধি ও বিদেশ ফেরত কর্মীরা অংশগ্রহণ করেন।
এনএন/ ৬ মে ২০২৬









